২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাই: ঢাকায় ‘কিশোরগ্যাংয়ের’ ৪৩ সদস্য আটক

এই কিশোর-তরুণেরা ছিনতাই ছাড়াও মাদক সেবন ও বিক্রি, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত বলে র‌্যাবের ভাষ্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2023, 01:57 PM

Updated : 23 Mar 2023, 04:06 PM

ঢাকায় চারটি এলাকায় অভিযান চালিয়ে ‘কিশোর গ্যাংয়ের’ ৪৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে; যারা কিছুদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে টাকাপয়সা, স্বর্ণালঙ্কার, মোবাইল ও ল্যাপটপ ছিনতাই করে আসছিল বলে র‌্যাবের ভাষ্য।

ছিনতাই ছাড়াও এই গ্যাংয়ের সদস্যরা মাদক বিক্রি, ইভটিজিং, মারামারিসহ অন্যান্য অপরাধে জড়িত বলে র‍্যাবের তরফ থেকে জানানো হয়েছে।  

র‍্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. ফজলুল হক জানান, বুধবার রাতে মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকা থেকে ওই ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তার কিশোরদের বিরুদ্ধে নানা অপরাধে একাধিক থানায় মামলা রয়েছে।

র‍্যাব কর্মকর্তা ফজলুল হক বলেন, ঢাকায় বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় কিশোর গ্যাং চক্রটিকে তারা নজরদারিতে আনেন।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ৪৩ জন স্বীকার করেছে, তারা সংঘবদ্ধ কিশোর গ্যাং চক্রের সদস্য। ঢাকার জনবিরল এমনকি জনসমাগমপূর্ণ স্থানেও এই কিশোররা পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশেপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নিত।“

এই কিশোর অপরাধীরা ছিনতাই ছাড়াও “মাদক সেবন, খুচরা মাদক বিক্রি, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারি এবং স্থানীয় ভূমিদস্যুদের পক্ষে জমি দখলে গিয়ে পেশিশক্তি প্রদর্শনসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত” বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

তিনি বলেন, গ্রেপ্তার এই কিশোর-তরুণদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।