২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি গাড়ি থেকে তেল চুরি: গ্রেপ্তার ৪

এই তেল বিক্রিতে সরকারি কোনো চালক জড়িত কি না, তা খতিয়ে দেখবে পুলিশ।

সরকারি গাড়ি থেকে তেল চুরি: গ্রেপ্তার ৪

সরকারি গাড়ি তেকে তেল চুরির অভিযোগে গ্রেপ্তার চারজন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2022, 08:37 PM

Updated : 10 Aug 2022, 08:37 PM

ঢাকার আগারগাঁও এলাকা থেকে ‘জ্বালানি তেল চুরি চক্রে’র চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন- মো. আবু কালাম (৫৬), মো. সুমন (৪০), মো. বাবু (২১) ও মো. শাহিন (১৯)। তাদের কাছ থেকে প্রায় ৬০০ লিটার অকটেন ও পেট্রোল উদ্ধার করে হয়েছে বলে পুলিশ জানায়।

বুধবার বিকালে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক সংবাদ সম্মেলনে বলেন, “চক্রটি প্রতিদিন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের ৫০টি গাড়ি থেকে তিন থেকে চার লিটার তেল চুরি করতো।

“একটি দোকান দিনে প্রায় ২০০ লিটার চোরাই তেল ক্রয় করতো। যার মাসিক হিসাব প্রায় ৬ হাজার লিটার। এ রকম মোট তিনটি দোকানে মাসে প্রায় ১৮ হাজার লিটার জ্বালানি তেল বেচা-কেনা হতো।”

পুলিশ কর্মকর্তা আজিমুল হক বলেন, “বুধবার দুপুরে আগারগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সামনের তিন দোকান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।


“জিজ্ঞাসাবাদে তারা জানায়, দোকানগুলো প্রতি লিটার অকটেন ১০০ টাকায় কিনতো। এরপর খোলাবাজারে ১২৮ থেকে ১৩০ টাকায় বিক্রি করতো। প্রতি লিটার পেট্রোল ১১০ টাকায় কিনে ১৩০ টাকা এবং প্রতি লিটার ডিজেল ১০০ টাকায় কিনে ১০৮ থেকে ১১০ টাকায় বিক্রি করতো।”

তিনি বলেন, “আগারগাঁও এলাকায় সরকারি অফিসের আধিক্যের কারণে এই চক্রটি এই এলাকাকে টার্গেট করে এই অসাধু কার্যক্রম চালিয়ে আসছিল বলে তদন্তে পাওয়া যায়।”

গ্রেপ্তারদের মধ্যে কেউ সরকারি গাড়িচালক কি না- এমন প্রশ্নের জবাবে উপপুলিশ কমিশনার বলেন, “যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা চোরাই তেল কম দামে কিনে পরবর্তী সময়ে বেশি দামে বিক্রি করতেন। আমরা তদন্ত করে দেখবো কারা কারা তেল বিক্রি করতেন এবং এই কারসাজিতে কারা জড়িত।”