ঢাকায় রিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
চালক নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
ঢাকার রামপুরায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে; এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ।
রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান।
তিনি বলেন, পারভীন বেগম নামে ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত রিকশা তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পারভীনের গ্রামের বাড়ি ফরিদপুরে। তবে তার বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি ওসি রফিকুল।
তিনি বলেন, পুর্ব রামপুরা বউবাজার এলাকার বাসা থেকে বের হয়ে বাজারে যাচ্ছিলেন পারভীন। তখন হঠাৎ দুর্ঘটনা ঘটে।
রিকশাটি জব্দ করে চালক নজরুল ইসলামকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
