২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবিতায় বঙ্গবন্ধুর চিত্রায়ন ‘মহাকালের তর্জনী'

দুই বাংলার ১৫০ জন কবির কবিতা নিয়ে এ সঙ্কলনের সম্পাদনা করেছেন কবি কামাল চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 10:00 PM

Updated : 31 Aug 2022, 10:00 PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দুই বাংলার ১৫০ জন কবির কবিতা সঙ্কলন ‘মহাকালের তর্জনী: বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিবেদিত কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার বিকেলে বাংলা একাডেমিতে এক প্রকাশনা অনুষ্ঠানে কবি কামাল চৌধুরী সম্পাদিত এ বইয়ের মোড়ক উন্মোচন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ( ইউপিএল) প্রকাশিত এ বইয়ে কামাল চৌধুরী বঙ্গবন্ধু সম্পর্কে বিভিন্ন কবিদের গুরুত্বপূর্ণ কবিতার সন্নিবেশ ঘটানোর পাশাপাশি সেগুলোর তথ্যসূত্রসহ ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেছেন।

বঙ্গবন্ধুকে নিয়ে তার জীবদ্দশায় লেখা কবিতা এবং ১৯৭৫ পরবর্তী প্রতিবাদী কবিতার রচনার একটি অনুপুঙ্খ ও গভীর বিশ্লেষণও তিনি তুলে ধরেছেন বইয়ের ভূমিকায়।

কামাল চৌধুরী অনুষ্ঠানে বলেন, বইটিতে কলকাতার কবি বনফুল থেকে শুরু করে ৯০ এর দশক পর্যন্ত কবিদের কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে। ভূমিকা, কবি ও কবিদের পরিচিত, কবিতার প্রকাশকালসহ বইয়ে উল্লেখ করা তথ্যসূত্রের জন্য বইটি ‘ভিন্ন মাত্রা’ পেয়েছে।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, “কামাল চৌধুরী এই বইয়ে বঙ্গবন্ধুর পুরো জীবনকে সংক্ষেপে অসাধারণভাবে তুলে ধরেছেন। আমাদের জাতিরাষ্ট্রের স্রষ্টা শেখ মুজিবকে নিয়ে কী করে কবিতা লেখা হল, কবে থেকে লেখা হল, কী সেই কবিতা, কবে প্রকাশিত হল সমস্ত কিছু যেভাবে উঠে এসেছে, এটি সবার জন্য একটি জরুরি দলিল হিসেবে তৈরি হয়ে গেছে।”

অনুষ্ঠানে ডা. দীপু মনি এ বইয়ে সঙ্কলিত কয়েকটি কবিতাও আবৃত্তি করে শোনান।

এই প্রকাশনা কামাল চৌধুরীর ‘অন্যতম ভালো কাজ’ মন্তব্য করে কথাশিল্পী আনিসুল হক বলেন, “এই কবিতা সংকলন পড়বার জন্য, অবসর সময়ে মনটা ভালো করার জন্য, একটু শিল্পের সুষমা লাভ করার জন্য, উত্তেজিত হওয়ার জন্য, জেগে ওঠার জন্য সকলের সংগ্রহ করা উচিত।”

বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কবি মোহাম্মদ রফিকের একটা কবিতার লাইন উদ্ধৃত করে বলেন, “বাঙালি শুদ্ধতম পুরুষ শেখ মুজিবুর রহমান- এই পঙক্তিটি আমাদের বুক ও মুখের ভিতর আছে; সেই কথাটি 'মহাকালের তর্জনী'তেও উল্লেখ আছে৷

“কবিতার সর্বশেষ পঙক্তি হল ‘শেখ মুজিবুর রহমান’। কবিতাটি শুরু হয়েছে বাঘের চিত্র দিয়ে! বাংলাদেশে যদি কাউকে বাঘের চিত্র দিতে হয়, তিনি অবশ্যই শেখ মুজিবুর রহমান৷”

শেখ মুজিবুর রহমানকে কাব্যের মাধ্যমে জানতে মহাকালের তর্জনীকে ‘সেরা সম্পদ’ বলেন বাংলা একাডেমির মহাপরিচালক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক মাসুদুজ্জামান, নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুও বক্তব্য দেন অনুষ্ঠানে। স্বাগত বক্তব্য দেন দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন।