বাল্যবিয়ে ঠেকানোর অঙ্গীকারে ১০ লাখ স্বাক্ষর
বিভিন্ন অঞ্চলের কিশোর-কিশোরী, তাদের মা-বাবা, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং নীতি নির্ধারকরা গণসাক্ষর কার্যক্রমে অংশ নেন।
মহামারীর কারণে স্কুল বন্ধ হওয়ার পর মেয়েদের বাল্যবিয়ে বাড়তে থাকায় তা ঠেকাতে ১০ লাখ মানুষের স্বাক্ষরযুক্ত একটি অঙ্গীকার নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-ইউএসএআইডি দেশের বিভিন্ন অঞ্চলে এই সাক্ষর অভিযান পরিচালনা করে।
শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরার কাছে গণসাক্ষরের ওই অঙ্গীকার হস্তান্তর করা হয়।
ইউএসএআইডির ‘উজ্জীবন’ প্রকল্পের আওতায় গণসাক্ষর কার্যক্রমে অংশ নেন বিভিন্ন অঞ্চলের কিশোর-কিশোরী, তাদের মা-বাবা, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং নীতি নির্ধারকরা।
অনুষ্ঠানে জানানো হয়, করোনাভাইরাস মহামারীর সময় বাল্যবিবাহের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব বিষয় বিবেচনা করে বাল্যবিয়ে প্রতিরোধে এই কার্যক্রমের উদ্যোগ নেয় ইউএসএআইডি।
ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেন, “যে কোনো মহামারীর নেতিবাচক প্রভাব বেশি পড়ে নারীদের উপর। বাংলাদেশেও কোভিড-১৯ মহামারীতে স্কুল বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা বাল্যবিবাহের শিকার হয়েছে।”
বাল্যবিবাহ রোধে সকলকে সচেতনতামূলক অবস্থান নেওয়ার পাশাপাশি সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “একটি নারীর কখন বিয়ে হবে, কার সাথে বিয়ে হবে, কখন সন্তান হবে, কয়টি সন্তান হবে, পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণ, স্বাস্থ্যসেবা গ্রহণ, এবং নিরাপদ মাতৃত্ব- এইসব সিদ্ধান্ত নেওয়া নারীদের সাধারণ অধিকার।
“কিন্তু অনেক সময় দেখা যায়, তারা এইসব অধিকার চর্চার সুযোগ পায় না। অনেকেরই ১৮ বছর বয়সের আগে বিয়ে হয়ে যাচ্ছে। অল্প বয়সে বিয়ে হলে অল্পবয়সে সন্তান হয়। যা মা ও শিশু উভয়ের স্বাস্থ্যের জন্যই মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ।
দেশে বাল্যবিবাহ দণ্ডনীয় হলেও এই প্রথা চালু আছে এবং বাল্যবিবাহের ক্ষেত্রে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। শুধু বাংলাদেশেই না, এটি একটি বৈশ্বিক সমস্যা বলে উল্লেখ করেন ফজিলাতুন্নেসা ইন্দিরা।
গণস্বাক্ষরের মাধ্যমে ১০ লাখ অঙ্গীকারের তাৎপর্য তুলে ধরে ইউএসএআইডি’র মিশন ডিরেক্টর ক্যাথরিন ডি. স্টিভেনস বলেন, “আমাদের লক্ষ্য বাংলাদেশের শিশুদের তাদের মেধা ও দক্ষতা বিকাশের সকল সুযোগ তৈরি করে দেওয়া।
“যাতে তারা নিজেদের, পরিবারের এবং নিজ নিজ এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারে। বাল্যবিবাহ রোধে তাই আমরা এই ১০ লাখ গণপ্রতিশ্রুতিমূলক সাক্ষরের আয়োজন করেছি।”
বাল্যবিবাহ রোধে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে ইন্দিরা বলেন, “২০৪১ সালের মধ্যে বাংলাদেশে বাল্যবিবাহের হার শূন্যতে নামিয়ে আনার জন্য সরকার প্রতিনিয়ত কাজ করে যাছে।
“শিক্ষা কার্যক্রমের মধ্যে মেয়েদের উপবৃত্তি দেওয়া হচ্ছে। তৃণমূল পর্যায়ে ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে মোবাইল কোর্ট চালু আছে। এছাড়াও বাল্যবিবাহ সংক্রান্ত কোনো তথ্য পেলে ১০৯ নম্বরে কল করলে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
বাংলাদেশে নারীর ক্ষমতায়নের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশে আজ প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, সংসদের স্পিকার, সংসদ উপনেতা সবাই নারী, যা আজ সারাবিশ্বে বিরল।”
“এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে ২ হাজার নারী সরাসরি নির্বাচিত হয়ে তৃণমূল পর্যায় থেকে দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।”
ইন্দিরা বলেন, “নারী আজ বিচারক, সচিব, আজ নারীরা ডিসি, এসপি থেকে শুরু করে পুলিশ বিভাগের ঊর্ধ্বতন পর্যায়ে দায়িত্ব পালন করছে। বিমান চালনা থেকে শুরু করে শিক্ষক, চিকিৎসক- সর্বক্ষেত্রেই নারীদের আজ পদচারণা।
“এসব দৃষ্টান্ত কন্যাশিশুদের উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাচ্ছে, প্রতিটি বিষয়ই বাল্যবিবাহ প্রতিরোধের সাথে জড়িত।”
১০ লাখ অঙ্গীকারের পাশাপাশি অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অংশীদারিত্বে ইউএসএআইডির সামাজিক আচরণ পরিবর্তন যোগাযোগ- ‘উজ্জীবন’ প্রকল্পের তৈরি ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
বিশেষভাবে তৈরি করা লাইব্রেরিটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে, যেখানে বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যমান আইন এবং এ সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে ওই লাইব্রেরিতে সামাজিক আচরণ পরিবর্তনের যোগাযোগ সামগ্রীর একটি সংগ্রহও আছে,যা সরকার এবং অন্যান্য অংশীজনেরা সহজেই ব্যবহার করতে পারবেন।
টিভি উপস্থাপক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক জামিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভিন, অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান, ইউএসএআইডির অফিস অব পপুলেশন, হেলথ অ্যান্ড নিউট্রিশন বিভাগের অ্যাক্টিং ডিরেক্টর মিজ মিরান্ডা বেকম্যান, সংসদ সদস্য সেলিমা আহমাদ, ইউএসএআইডির উজ্জীবন প্রকল্পের প্রধান কাজী ফয়সাল মাহমুদ ও প্রকল্পের উপ-প্রধান জিনাত সুলতানা উপস্থিত ছিলেন।
