ঈদের ছুটিতে বাড্ডার বাসায় দিনেদুপুরে ডাকাতি
৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১১ লাখ টাকা লুট হয়েছে।
কোরবানির ঈদ উপলক্ষে ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বৃদ্ধির মধ্যেই দিনের বেলা এক পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকালে বাড্ডা লিংক রোডের একটি বাসার তৃতীয় তলায় ঢুকে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১১ লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা।
বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ইশতিয়াক নামের এক ব্যবসায়ীর বাসায় এই ডাকাতির ঘটনা ঘটে। তিনি ওই সময় বাসায় ছিলেন না।
বাসার নীচেই তার ব্যবসা প্রতিষ্ঠান উল্লেখ করে ইশতিয়াক পুলিশকে জানিয়েছেন, উপরে ডাকাতি হচ্ছে, তিনি নীচে থেকেও টের পাননি। ডাকাতরা প্রায় ২০ মিনিট অবস্থান করে মালামাল নিয়ে পালিয়ে চলে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর বাঁধন খুলে পরিবারের সদস্যরা চিৎকারে আশপাশের লোকজন ঘটনা জানতে পারে।
পুলিশ জানায়, বিকাল ৪টার দিকে ৬/৭ জনের একটি দল অস্ত্রের ভয় দেখিয়ে ইশতিয়াকের মা, বাবা, বোন ও বোনের তিন বছরের ছেলের হাত-পা বেঁধে টাকা, স্বর্ণালংকার এবং দুইটি মোবাইল ফোন নিয়ে যায়।
ওসি জানান, ডাকাতদের মধ্যে দুইজন মাস্ক পরা ছিল। ২০ থেকে ২৫ বছর বয়সী ডাকাতদের হাতে ছুরি ও চাপাতি ছিল। ইশতিয়াকের মাকে চাপতি দিয়ে আঘাতও করে এক ডাকাত।
ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
