২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালাবদলের বছর আদি জনপদ: চলেশের মৃত্যু ও মইনুলের শান্তি চুক্তি পুনর্ভাবনা

টাঙ্গাইলের মধুপুরে যৌথবাহিনীর হেফাজতে আদিবাসী নেতা চলেশ রিছিলের মৃত্যু এবং শান্তিচুক্তি পর্যালোচনা করতে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের একটি মন্তব্য ঘিরে অস্থিরতা তৈরি হয় দেশের আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 11:49 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

বিপ্লব রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, সিনিয়র প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-টাঙ্গাইলের মধুপুরে যৌথবাহিনীর হেফাজতে আদিবাসী নেতা চলেশ রিছিলের মৃত্যু এবং শান্তিচুক্তি পর্যালোচনা করতে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের একটি মন্তব্য ঘিরে অস্থিরতা তৈরি হয় দেশের আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে। শান্তিচুক্তি অনুযায়ী পাহাড়ের স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা তৈরির দাবিও মেনে নেয়নি সরকার। বছরজুড়ে গ্রেপ্তার ও কারাগারে গেছেন বেশ কয়েকজন আদিবাসী নেতা। মানবাধিকার কর্মী ও পাহাড়ি নেতারা একে 'নির্যাতন ও হয়রানি' দাবি করলেও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার অভিযান চলেছে। ১৮ মার্চ টাঙ্গাইলে যৌথবাহিনীর হেফাজতে মধুপুরের গারো আদিবাসী নেতা চলেশ রিছিলের মৃত্যু ছিল ২০০৭ সালের অন্যতম একটি আলোচিত ঘটনা। চলেশ রিছিল ছিলেন মধুপুরের ইকো-পার্ক প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম নেতৃত্ব দানকারী। পরিবারের অভিযোগ, এর জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে সরকারের দাবি ছিল, যৌথবাহিনীর হাতে আটকের পর পালাতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যান চলেশ রিছিল (৪১)। এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস, অধিকার, আইন ও শালিস কেন্দ্র, বাংলাদেশ পরিবেশবাদী আইনজীবী সমিতিসহ (বেলা) বিভিন্ন মানবাধিকার সংগঠন এই ঘটনার প্রতিবাদ জানায়। তারা ঘটনার বিচারবিভাগীয় তদন্তও দাবি করে। পার্বত্য চট্টগ্রামের বাঙালি অধিবাসী সমর্থিত 'সম অধিকার আন্দোলন' এর আলোচনা সভায় আইন উপদেষ্টা ব্যরিস্টার মইনুল হোসেনের একটি মন্তব্য সৃষ্টি করে নতুন বিতর্ক। শান্তিচুক্তির ১০ বছর পূর্তির দিনে গত ২ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ওই অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, "শান্তিচুক্তি পর্যালোচনা করা উচিৎ।" ৬ ডিসেম্বর এক যৌথ বিবৃতিতে আইন উপদেষ্টা মইনুল হোসেনের ওই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ করেন বিশিষ্ট নাগরিকরা। তাতে বলা হয়, 'শান্তিচুক্তির দশম বর্ষপূর্তির দিন 'সমঅধিকার আন্দোলনের' একটি অনুষ্ঠানে যোগ দিয়ে উপদেষ্টা তার নিরপেক্ষতা ভঙ্গ করেছেন।' শান্তিচুক্তি অনুযায়ী শুধু পাহাড়ের স্থায়ী বাসিন্দাদের নিয়ে একটি ভোটার তালিকা করে সেটির ভিত্তিতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সব নির্বাচন অনুষ্ঠানের দাবি করছেন আদিবাসী নেতারা। তবে নির্বাচন কমিশন বলছে সংবিধান অনুযায়ী স্থায়ী ও অস্থায়ী ভোটারদের নিয়ে করা তালিকা দিয়েই জাতীয় সংসদ নির্বাচন হবে। এ নিয়ে দু'পক্ষের বিতর্ক চলেছে বছর জুড়েই। তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে গত নভেম্বর থেকে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ চলছে। ৪ ডিসেম্বর রাঙামাটিতে এক মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা জানিয়ে দেন, তারা পাহাড়ের স্থায়ী-অস্থায়ী সব ধরনের বাসিন্দাদের নিয়েই ছবিসহ ভোটার তালিকা করবেন। শান্তিচুক্তি অনুযায়ী ভোটার তালিকা না হওয়ায় প্রতিবাদে পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও সাবেক গেরিলা নেতা জ্যোতিরিন্দ্রি বোধিপ্রিয় (সন্তু) লারমা ওই তালিকা প্রত্যাখ্যান করেন। তিনি নিজেও ভোটার তালিকাভুক্ত হননি। জরুরি অবস্থার কারণে এই প্রথমবারের মতো শান্তিচুক্তির বর্ষপূর্তি দিনে চুক্তি স্বাক্ষরকারী জনসংহতি সমিতি বা আদিবাসীদের জাতীয় সংগঠন আদিবাসী ফোরাম কোনো অনুষ্ঠান করেনি। একই কারণে ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবসও পালিত হয় সীমিত আকারে। চলতি বছর বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ও কারাগারে যান বেশ কয়েকজন আদিবাসী নেতা। ১৮ ফেব্র"য়ারি রাঙামাটির নিজ বাড়ি থেকে যৌথবাহিনী গ্রেপ্তার করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক সত্যবীর দেওয়ানকে। পরে অস্ত্র মামলায় তিনি ১৭ বছরের কারাদণ্ড পান। ২৩ ফেব্র"য়ারি বান্দরবানের পাহাড়ি নেতা রাংলাই ম্রোকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। অস্ত্র মামলায় তাকে ১০ বছরের সাজা দেওয়া হয়েছে। যৌথবাহিনী পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে ৪ ফেব্র"য়ারি বিক্রম মারমা, ৬ ফেব্র"য়ারি সুমিত চাকমা, ১০ ফেব্র"য়ারি সাপ্র" মারমা ও মং সে মারমা, ১১ ফেব্র"য়ারি সাই মং মারমা এবং ১৮ ফেব্র"য়ারি বিমলকান্তি চাকমা, রনজিত কুমার দেওয়ান, উদয় জ্যোতি চাকমা ও মাইচান চাকমাকে গ্রেপ্তার করে। এরা সবাই জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির মামলা হয়েছে। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মানবাধিকার কর্মীরা বিভিন্ন সময় বিবৃতি দেন। ৯ আগস্ট আদিবাসী ফোরাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট প্রাঙ্গণে ক্ষুদ্র পরিসরে আয়োজন করে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান। জরুরি অবস্থার কারণে কর্মসূচি থেকে আনন্দ মিছিল বাদ দেওয়া হয়। ওই অনুষ্ঠানে পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা অভিযোগ করেন, "১০ বছরেও যথাযথভাবে শান্তিচুক্তি বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ভাষা ও সংস্কৃতি এখন হুমকির মুখে। চুক্তি অনুযায়ী কোনো সরকারই আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় ব্যবস্থা নেয়নি। প্রাথমিক শিক্ষা পর্যায়ে আদিবাসীদের নিজ নিজ মাতৃভাষা এখনো চালু করা হয়নি।" দেশে ৪৫টি আদিবাসী জনগোষ্ঠীর প্রায় ২৫ লাখ মানুষ বসবাস করেন। তাদের বেশিরভাগের বসবাস পার্বত্য চট্টগ্রাম, বৃহত্তর সিলেট, উত্তরবঙ্গ, পটুয়াখালী ও কক্সবাজার জেলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/জিএনএ/১৭৪২ ঘ.