ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনৈতিক ক্ষেত্রে ২০০৭ সাল বাংলাদেশের জন্য ছিল সঙ্কটময় একটি বছর। অর্থনীতির টালমাটাল অবস্থা সামলাতে বছরজুড়ে হিমশিম খেয়েছে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। সাজ্জাদুর রহমান লিখছেন অর্থনীতির খেরো খাতা থেকে।
খাদ্যসামগ্রী, জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ছিল ঊর্ধ্বমুখী। মূল্যস্ফীতির হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এবং ব্যবসায়ীদের আস্থাহীনতা নেতিবাচক প্রভাব ফেলেছে অর্থনীতিতে। এছাড়া, পরপর দুটি বন্যা এবং বছরের শেষভাগে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাত আরও বিপর্যয় বয়ে আনে।
নভেম্বরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) শেষ তিন মাসের অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশের সময় সংস্থাটির আবাসিক প্রতিনিধি হুয়া দু বলেন, "বাংলাদেশ সত্যিকার অর্থেই একটি কঠিন সময় পার করছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সঙ্কটময় বছর এটা।"
বাংলাদেশের সহযোগী দেশ ও সংস্থা এবং স্থানীয় বিশেষজ্ঞদের আশঙ্কা- গত পাঁচ অর্থবছরের মধ্যে এবারই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সবচেয়ে কম হবে। চলতি অর্থবছরে সরকার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সাত শতাংশ। তবে বছরে শেষে বাংলাদেশ ব্যাংক জানায় প্রবৃদ্ধি শেষ পর্যন্ত ৬ দশমিক ৫ থেকে ৬ দশমিক ২ শতাংশের মধ্যে থাকবে।
সিডরের আগেই সেপ্টেম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছিল পর পর দুটি বন্যা ও দুর্নীতিবিরোধী অভিযানের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৫ শতাংশ হবে। বিশ্বব্যাংক ও এডিবিসহ অন্যান্য সংস্থাগুলোও প্রবৃদ্ধির হার ৬ এর নিচে থাকার আশঙ্কা জানায়।
স্থানীয় বেসরকারি গবেষণা সংস্থা 'উন্নয়ন সমুন্বয়'ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সাড়ে ৫ শতাংশের মধ্যে থাকবে বলে ভবিষ্যদ্বাণী করে।
গত এক দশক ধরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৫ শতাংশের এর ওপরে ছিল এবং ২০০৩-০৪ অর্থবছর থেকে এই হার ছিল ৬ শতাংশের ওপরে। বন্যার কারণে শুধু ২০০৪-০৫ অর্থবছরে প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৯৬ শতাংশে নেমে যায়।
বাংলাদেশ ইন্সটিটিউট অফ ডেভলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত জানান, আন্তর্জাতিক বাজারে খাদ্য ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ব্যবসায়ীদের আস্থাহীনতা, প্রাকৃতিক দুর্যোগ ও কৃষি উৎপাদন কমে যাওয়াই প্রবৃদ্ধির হার নেমে যাওয়ার মূল কারণ।
আর্ন্তজাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি একশ ডলার হলেও দেশে শেষবার তেলের দামের সমন্বয় করা হয় এপ্রিল মাসে। তখন প্রতি ব্যারেলের দাম ছিল ৬২ ডলার। ফলে বেড়েছে মূল্যস্ফীতি।
এডিবি জানায়, ২০০৮ সালের জুন পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৭৪ কোটি ৯০ লাখ ডলার যা মোট জিডিপি'র এক দশমিক এক শতাংশ।
নাম প্রকাশ না করার শর্তে জ্বালানি মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় চলতি বছর এ খাতে ছয় হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। এবারের বাজেটে এখাতে নির্ধারিত ভর্তুকির পরিমাণ ছিল আড়াই হাজার কোটি টাকা।"
এছাড়া, আন্তর্জাতিক বাজারে চাল ও গমের দাম বেড়ে যাওয়ায় মাসভিত্তিক হিসাবে মূল্যস্ফীতির হার জুলাই মাসে ১০ দশমিক ১০ শতাংশে পৌঁছায়।
ঘূর্ণিঝড় সিডর ও দুটি বন্যার আঘাতে এবার শুধু ফসলের ক্ষতির পরিমাণ কমপক্ষে ১৮ লাখ টন। এ ক্ষতি সরকারকে খাদ্য আমদানিতে বাধ্য করে। এছাড়া বিশ্বব্যাংকের হিসেবে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতির পরিমাণ প্রায় তিনশ কোটি ডলার।
জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখনও আমাদের জিডিপিতে কৃষির অবদান ২১ শতাংশ। ফসলের ক্ষতির কারণে অবশ্যই এবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে।"
শুধু সিডরের ক্ষতি কাটাতেই সরকারি হিসাবে ২২০ কোটি ডলার দরকার।
বখত জানান, এ বছর অর্থনীতির ইতিবাচক দিক হিসেবে রাজস্ব আয় ও রেমিন্টেস পাঠানোর পরিমাণ স্থিতিশীল ছিল। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, নভেম্বর পর্যন্ত গত পাঁচ মাসে রেমিটেন্স পাঠানোর হার বেড়েছে ২১ দশমিক ৬৯ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রপ্তানির পরিমাণ ছিল ৩০৭ কোটি ৭০ লাখ ডলার যা গত অর্থবছরের তুলনায় ৫ দশমিক ৩৭ শতাংশ কম। অন্যদিকে, জুলাই-অক্টোবর সময়ে আমদানির পরিমাণ ছিল ৬৩৩ কোটি ৭০ লাখ ডলার যা গত অর্থবছরের তুলনায় ২০ দশমিক ৩৩ শতাংশ বেশি।
২০০৭ এ বেসরকারি খাতে ঋণপ্রবাহও যথেষ্ঠ কম ছিল। সরকারের দুর্নীতিবিরোধী অভিযানকেই এজন্য দায়ী করেছেন ব্যবসায়ীরা। তবে বছরের দ্বিতীয়ভাগে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়ে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, অক্টোবর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার ছিল ১৬ দশমিক ৩৪ শতাংশ।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার কম থাকায় এবং স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ কমে যাওয়ার কারণেও অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পাবে বলে মন্তব্য করেন বিআইডিএস পরিচালক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এসএনডি/এমএ/১৯২০ঘ.
bdnews24