২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষক সমিতিতে এবারও নীল ১৪, সাদা ১

সভাপতি হয়েছেন নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক হয়েছেন জিনাত হুদা।

ঢাবি শিক্ষক সমিতিতে এবারও নীল ১৪, সাদা ১

সভাপতি নিজামুল হক ভূঁইয়া (বাঁয়ে) এবং সাধারণ সম্পাদক জিনাত হুদা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 06:26 PM

Updated : 29 Dec 2022, 06:26 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিতে কর্তৃত্ব ধরে রেখেছে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল দল; সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের মধ্যে ১৪টিতে জয়ী হয়েছে তারা। বিএনপি-জামায়াত সমর্থকদের সাদা দল একটি মাত্র পদে জয় পেয়েছে।

সভাপতি হয়েছেন নীল দলের অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক হয়েছেন একই দলের অধ্যাপক জিনাত হুদা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে ভোট দেন সমিতির সদস্যরা। ভোট গণনার পর ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালক ও ফার্মাসি বিভাগের অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার।

পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নিজামুল হক সভাপতি পদে ৮১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী পদার্থ বিজ্ঞানের

অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম পেয়েছেন ৩৮৪ ভোট।

নীল ও সাদা এই দুই প্যানেলের বাইরে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন পেয়েছেন ১৩২ ভোট।

সাধারণ সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা ৭১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাদা দল থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান পেয়েছেন ৫৮১ ভোট।

সহ-সভাপতি পদে সাদা দল থেকে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান মো. লুৎফর রহমান ৬৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই পদে নীল দলের প্রার্থী রোবটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক লাফিফা জামাল পেয়েছেন ৬৩২ ভোট।

যুগ্ম সম্পাদক পদে নীল দলের প্রার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আবু খালেদ মো. খাদেমুল হক ৮৪৫ পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ পাল পেয়েছেন ৩৬৬ ভোট।

কোষাধ্যক্ষ পদে নীল দল থেকে মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মাসুদুর রহমান ৮২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধী সাদা দল থেকে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক মো. মহিউদ্দিন ৪৬১ ভোট পেয়েছেন।

কার্যনির্বাহী পরিষদের ১০টি সদস্য পদে নীল দল থেকে অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জিয়াউর রহমান (৮৮২ ভোট), টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক আবু জাফর মো. শফিউল আলম ভূঁইয়া (৮৪০ ভোট), ইতিহাস বিভাগের অধ্যাপক মো. আমজাদ আলী (৮২৮ ভোট), গণিত বিভাগের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার (৮০৩ ভোট), প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক শারমিন মূসা (৮০১ ভোট), রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান (৭৬৯ ভোট), জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক শরিফ আখতারুজ্জামান (৭৬৩ ভোট), ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান (৭২৮ ভোট) , ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. মাকসুদুর রহমান (৭২৭ ভোট) এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী আক্কাছ (৭০৮ ভোট) নির্বাচিত হয়েছেন।

গঠনতন্ত্র অনুযায়ী, প্রতিবছরই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকর পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। কার্যকর পরিষদের ১৫টি পদে এ নির্বাচন হয়।

প্রায় এক যুগ ধরে শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে আসছে নীল দল। সর্বশেষ নির্বাচনেও ১৫টি পদের মধ্যে ১৪টিতেই জয় পায় সরকার সমর্থকরা।