২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জামিন পেয়ে ফের ছিনতাইয়ে’, র‌্যাব ধরল ২৯ জনকে

র‌্যাব বলছে, রাজধানীতে এদের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। তারা ভাসমান অবস্থায় জীবন যাপন করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2023, 02:55 PM

Updated : 16 Feb 2023, 03:01 PM


ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে রাজধানী থেকে ২৯ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব-৩।

বুধবার রাতে মতিঝিল, মুগদা, ওয়ারী, খিলগাঁও, বংশাল, সবুজবাগ ও শাহজাহানপুরসহ বিভিন্ন এলাকা থেকে তাদের ধরা হয় বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানায় এ বাহিনী।

র‌্যাব বলছে, যাদের ধরা হয়েছে, তাদের প্রায় সবার বিরুদ্ধে মাদক সম্পৃক্ততা ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তারা এর আগেও গ্রেপ্তার হয়েছেন এবং জামিনে মুক্তি পেয়ে আবার জড়িয়েছেন অপরাধে। রাজধানীতে এদের কোনো নির্দিষ্ট ঠিকানাও নেই। তারা ভাসমান অবস্থায় জীবন যাপন করেন।

টিকাটুলির র‌্যাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা এ অভিযান পরিচালনা করেন।

“১৪ ফেব্রুয়ারি 'ভ্যালেন্টাইন ডে', পহেলা ফাল্গুন এবং বই মেলার মত আয়োজনকে কেন্দ্র করে ছিনতাইকারীদের তৎপরতা বেড়েছে। তারা খিলগাঁও, মালিবাগ রেল গেইট, কমলাপুর, মতিঝিল, হাতিরঝিল, শাহবাগ, পল্টন, মানিকনগর, নন্দীপাড়া, গুলিস্তান এলাকায় সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত মানুষদের টাকা পয়সা ও মূল্যবান জিনিস ছিনিয়ে নিত।”

র‌্যাবের ভাষ্য, আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও ছিনতাইয়ের পরিকল্পনা ছিল এই চক্রটির।

গত ৬ মাসে র‌্যাব-৩ ঢাকায় ৫৯টি অভিযান চালিয়ে ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে ২০৪ জনকে গ্রেপ্তার করেছে বলে জানান আরিফ মহিউদ্দিন। 

বুধবার রাতে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা হলেন: মো. রাকেশ ওরফে কালাচাঁন (১৯), মো. মান্নান (৪০), মো. ইমরান গাজী (২৯), মো. আকাশ (২৫), মো. ইসরাফিল (১৯), মো. সিয়াম (২০), মো. মানিক (২৪), নাহিদ পারভেজ (৩৭), মো. আরাফাত (১৯), মো. শাকিল (১৯), মো. রিয়াদ (১৯), মো. আব্দুল রব মিয়া (২৬), মো. সাইফুল ইসলাম (২৮), মো. রাসেল (২১), মো. ইসমাইল (৩২), লোকনাথ রাজ বংশি (৩২), শম্ভু চন্দ্র দাস (৪০), মো. শামীম (৪৬), মো. রাজু (২১), মো. মোজাফ্ফর (২৪), মো. হাসান (২১), মো. হৃদয় (২০), মো. আরিফ (১৯), মো. আতিকুল ইসলাম (১৯), মো. হেলাল (৩২), মো. রুবেল (২৭), মো. রতন ওরফে মানিক (১৯), মো. তছলিম (১৯) ও মো. আনোয়ার (১৯)।