‘ধূমপানের জন্য নির্ধারিত এলাকা’য় আইন অমান্য অনেক স্থানেই: গবেষণা
ঢাকার ১১৮টি হোটেল, ৩৫৫টি রেস্তোরাঁ এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া ৫৩টি ট্রেনে এ গবেষণা পরিচালিত হয়।
ধূমপানের নির্ধারিত এলাকাগুলোতে পরিপূর্ণ আইন মানা হয় না বলে এক গবেষণায় উঠে এসেছে।
রোববার এক অনুষ্ঠানে এ গবেষণার ফল প্রকাশ করে বলা হয়, হোটেল, রেস্তোরাঁ ও ট্রেনে ধূমপানের জন্য নির্ধারিত এলাকার বিধান অকার্যকর। এ কারণে ব্যাপকভাবে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন অধূমপায়ীরা।
জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ এবং গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) যৌথভাবে ‘প্রিভেলেন্স অ্যান্ড কমপ্লায়েন্স অব ডেজিগনেটেড স্মোকিং এরিয়াস (ডিএসএ) ইন হসপিটালিটি ভেন্যুস অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইন ঢাকা, বাংলাদেশ’ শীর্ষক এ গবেষণা পরিচালনা করে।
ঢাকা শহরের ১১৮টি আবাসিক হোটেল ও ৩৫৫টি রেস্তোরাঁ এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া ৫৩টি ট্রেনে এই গবেষণা পরিচালিত হয়।
গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, তামাক নিয়ন্ত্রণ আইনে ধূমপানের জন্য নির্ধারিত এলাকা ডিএসএ-কে ধূমপানমুক্ত এলাকা থেকে আলাদা রাখার বিধান রয়েছে। কিন্তু ৫২৬টি ভেন্যুর মধ্যে মাত্র ৪১টিতে (৮ শতাংশ) ডিএসএ পাওয়া গেলেও একটিতেও পরিপূর্ণভাবে আইন মেনে তা রাখা হয়নি।
“৫৩টি ট্রেনের ২১টিতে ডিএসএ পাওয়া গেছে, যারমধ্যে ৭টিতে বিভিন্ন খাবার ও পানীয় বিক্রি হওয়ায় অধূমপায়ীয়দের পরোক্ষ ধূমপানের শিকার হওয়ার সুযোগ রয়েছে। ডিএসএ থাকা ২১টি ট্রেনের কোনোটিতেই ধূমপানের জন্য নির্ধারিত এলাকা বা ডিএসএ সংক্রান্ত কোনো নোটিশ দেখা যায়নি। অর্থাৎ একটি ট্রেনেও পরিপূর্ণভাবে আইন মেনে ডিএসএ রাখা হয়নি।”
একইভাবে ৩৫৫টি রেস্তোরাঁর মধ্যে মাত্র ২টিতে ডিএসএ পাওয়া গেছে এবং কোনটিতেই এ সংক্রান্ত আইন পরিপূর্ণভাবে মানা হয়নি বলে গবেষণায় জানানো হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য অনুবিভাগ) কাজী জেবুন্নেছা বেগম, সিটিএফকের প্রিন্সিপাল কনসালটেন্ট, সাউথ এশিয়া কমিউনিকেশনস জসপ্রীত কাউর পাল এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, তামাক নিয়ন্ত্রণ সেল এর সমন্বয়কারী (অতিরিক্ত সচিব) হোসেন আলী খোন্দকার, সিটিএফকে বাংলদেশ লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রক্রিয়া চলছে। এতে ডিএসএ বাতিলেরও সুপারিশ করা হয়েছে।
কাজী জেবুন্নেছা আশা প্রকাশ করে বলেন,“ ডিএসএ বাতিলসহ তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাস হবে। সেটা হলেই তামাকমুক্ত বাংলাদেশ অর্জনের পথ সুগম হবে।”
