২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার এড়াতে নানা পথ ঘুরে ঢাকায় আসছিলেন ইয়াবার দুই বাহক

তাদের কাছ থেকে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2024, 07:55 PM

Updated : 13 Apr 2024, 08:31 PM

কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে গাজীপুরে পৌঁছে দেওয়ার কথা ছিল দুই ব্যক্তির। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা সরাসরি ঢাকায় না এসে নৌপথসহ নানা দিক ঘুরে রাজধানীতে আসেন। তবে শেষ পর্যন্ত ধরা পড়তে হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে।

শনিবার ভোরে চোকোথাইন তনচংগ্যা (৩৫) ও মংকেথাইন তনচংগ্যা (৩৫) নামের ওই দুই ব্যক্তিকে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, পরিচয় লুকাতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে তারা কক্সবাজার থেকে প্রথমে বান্দরবান যায়। বান্দরবন থেকে নৌপথে রাঙামাটি পৌঁছায় এবং রাঙামাটি থেকে বাসে ফেনী আসে। পরে ফেনী থেকে বাস বদল করে খাগড়াছড়ির বাসে উঠে ঢাকায় আসে।

খাগড়াছড়ি থেকে ঢাকায় আসা শান্তি পরিবহনের দুটি বাসে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তার চোকোথাইন টেকনাফের লাম্ব ঘোনা এলাকার মৃত রাতাউ তনচংগ্যার ছেলে। আর মংকেথাইন একই এলাকার নেলাঅং তনচংগ্যার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, টেকনাফ থেকে ইয়াবা নিয়ে তারা গাজীপুরের জয়দেবপুর এলাকায় পৌঁছে দিতে যাচ্ছিল। প্রতি চালানে তারা ২০ হাজার টাকা করে পেতেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, প্রথমে একটি বাস থেকে তিন হাজার ইয়াবাসহ চোকোথাইন তনচংগ্যাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরেকটি বাস থেকে মংকেথাইন তনচংগ্যাকে দুই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

সংস্থাটির সূত্রাপুর সার্কেলের উপপরিদর্শক আব্দুল মতিন মিয়ার নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।