২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

একাত্তরে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের তথ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার শেখ ফরিদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2023, 12:17 PM

Updated : 10 Aug 2023, 02:25 PM

একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গাজীপুরের শ্রীপুর বাজার এলাকা থেকে বুধবার তাকে গ্রেপ্তার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই বাহিনী।

গ্রেপ্তার শেখ ফরিদের (৭০) বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের খবর দিয়ে মুক্তিযোদ্ধাদের হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, “১৯৭১ সালের ৪ সেপ্টেম্বর নোয়াখালীর বামনী বাজারে মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, শরাফত আলী, নিজাম উদ্দিন ফারুক, আব্দুল ওহাবসহ ১০-১২ জনের দল একটি অপারেশন শেষে ১৫ নম্বর স্লুইস গেইট এলাকায় অবস্থান নেন। সেসময় একটি হেলিকপ্টার উড়ে যেতে দেখে নিরাপত্তার কারণে তারা স্থান পরিবর্তন করে ১৬ নম্বর স্লুইস গেইটের দিকে চলে যান।

“সেসময় শেখ ফরিদসহ অন্য রাজাকাররা মুক্তিযোদ্ধাদের অবস্থানের তথ্য বসুরহাট ও চাপরাশির হাট রাজাকার ক্যাম্পে জানিয়ে দেয়। এরপর ওই ক্যাম্প থেকে পাকিস্তানি সেনা সদস্যরা এবং ফরিদসহ শতাধিক সশস্ত্র রাজাকার সদস্য মুক্তিযোদ্ধাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়।”

র‌্যাব বলছে, শেখ ফরিদসহ অন্য রাজাকাররা ধান ক্ষেতে লুকিয়ে থাকা নিরস্ত্র মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় ছয়জন মুক্তিযোদ্ধা, একজন পথচারী এবং পরিচয় না জানা আরও দুইজন মারা যান।

যুদ্ধাপরাধের অভিযোগে মামলা হলে ২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফরিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তখন থেকে তিনি ছদ্মবেশে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে র‌্যাবের ভাষ্য।