আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: শফিকুর রহমান
“সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে। আমরাও বসে থাকব না। কারণ এই দেশ আমাদের সকলের।”
দেশের বিভিন্ন স্থানে ‘নাশকতা’, ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তিনি বলেছেন, এর দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই নিতে হবে। সরকারি দল ব্যর্থ হলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে।
মঙ্গলবার জাতীয় সংসদে তিনি বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এ নিয়ে জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।
শফিকুর রহমান বলেন, “তাহলে দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে, এটার দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে? কোনো সুযোগ নেই এড়ানোর। পুরোপুরি দায় নিতে হবে।”
এসময় সংসদ অধিবেশন পরিচালনা করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে একই বিষয়ে সরকারের জবাবদিহি দাবি করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিবৃতি দাবি করেন দুই নেতা।
জামায়াতের আমির বলেন, আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখার (এসবি) সদর দপ্তরের সামনে এবং থানার ফটকেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিন দিন ককটেল বিস্ফোরণের তথ্য দিয়ে তিনি বলেন, মঙ্গলবারের ঘটনায় দুজন আহত হয়েছে।
এছাড়া পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে এক তরুণ সেনাসদস্য নিহত এবং সাজেককে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির কথাও বলেন তিনি।
মঙ্গলবার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় হামলা ও অগ্নিসংযোগের কথা তুলে ধরে তিনি বলেন, সরকারি দলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে।
“তো, এগুলার শেষ কোথায়?”
এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এত ঘটনা ঘটার পর কাকে কোথায় গ্রেপ্তার করা হয়েছে, তার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
কয়েকজনকে সাধারণ মানুষ ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন বলে দাবি করেন তিনি।
দেশে পুলিশ, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন বাহিনী থাকার পরও পরিস্থিতির অবনতি কেন ঠেকানো যাচ্ছে না, সেই প্রশ্ন তোলেন শফিকুর রহমান।
তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোর পর স্বরাষ্ট্রমন্ত্রী নিজে থেকেই সংসদে এসে পরিস্থিতি ব্যাখ্যা করবেন বলে আশা করেছিলেন তারা। কিন্তু অধিবেশনের প্রথম দুই দিনে সে ধরনের কোনো উদ্যোগ দেখা যায়নি।
শফিকুর রহমান বলেন, “আমরা ক্রমান্বয়ে উদ্বেগজনক হারে তার অবনতি লক্ষ্য করছি, কোনো উন্নতি আমাদের কাছে ধরা পড়ছে না।”
