১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকারদলীয় হুইপ তালিকায় মাশরাফীসহ ৩ নতুন মুখ

রাষ্ট্রীয় মর্যাদাক্রম অনুযায়ী চিফ হুইপ মন্ত্রীর পদমর্যাদা এবং হুইপরা প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন।

সরকারদলীয় হুইপ তালিকায় মাশরাফীসহ ৩ নতুন মুখ

ক্রিকেট মাঠের অধিনায়ক থেকে জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2024, 06:47 PM

Updated : 25 Jan 2024, 05:41 PM

একাদশ জাতীয় সংসদে সরকারি দলের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী যে টানা দ্বিতীয়বারের মত একই দায়িত্বে থাকছেন, তা আগেই জানা গিয়েছিল, এবার জানা গেল পাঁচজন হুইপের নাম। 

একাদশ সংসদের হুইপ দিনাজপুর -৩ আসনের এমপি ইকবালুর রহিম এবং জয়পুরহাট-২ আসনের আবু সাঈদ আল মাহমুদ স্বপন দ্বাদশেও বহাল থাকছেন।

তাদের সঙ্গে নতুন মুখ হিসেবে আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু এবং কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার কমল।

Image

ছবিতে বাম থেকে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন, ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নজরুল ইসলাম বাবু, মাশরাফী বিন মোর্ত্তজা ও সাইমুম সরওয়ার কমল।

রাষ্ট্রপতির আদেশক্রমে চিফ হুইপসহ সরকার দলীয় হুইপদের নিযুক্ত করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়।

রাষ্ট্রীয় মর্যাদাক্রম অনুযায়ী চিফ হুইপ মন্ত্রীর পদমর্যাদা এবং হুইপরা প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন।

সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা, এবং অধিবেশন সুশৃঙ্খলভাবে চলতে স্পিকারকে সহযোগিতা করাই চিফ হুইপ ও হুইপদের কাজ।