বজলুর রহমান স্মৃতিপদক পেলেন বিডিনিউজ টোয়েন্টিফোরের রাজীব নূর
পুরস্কার ও সম্মাননা তুলে দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় অবদানের জন্য বজলুর রহমান স্মৃতিপদক পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূরসহ তিন সাংবাদিক।
বৃহস্পতিবার ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার ও সম্মাননা তুলে দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
রাজীব নূর আগে দৈনিক সমকাল পত্রিকায় কাজ করতেন। এ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে তিনি ও দ্য ডেইলি স্টারের সাংবাদিক আমিরুল রাজীব ‘প্রিন্ট মিডিয়া' ক্যাটাগরিতে যৌথভাবে ২০২২ সালের সেরা প্রতিবেদক নির্বাচিত হয়ে এ পুরস্কার লাভ করেন।
ইলেক্ট্রনিক মিডিয়ার সেরা প্রতিবেদক হিসেবে পুরস্কার ও সম্মাননা লাভ করেন যমুনা টেলিভিশনের হাবিব রহমান।
অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। মুক্তিযুদ্ধের অনেক অজানা ইতিহাস সারাদেশে ব্যাপৃত আছে। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এসব ইতিহাস গবেষণার মাধ্যমে সাংবাদিকেরা খুঁজে বের করবে।"
মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতিপদক প্রদান এক অনন্য উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, “দৈনিক সংবাদের আমৃত্যু সম্পাদক বজলুর রহমান মুক্তিযুদ্ধের একজন সফল সংগঠক, যিনি মুক্তিযুদ্ধের ক্রান্তিকালে ‘মুক্তিযুদ্ধ' নামে বহুল প্রচারিত পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন। সৎ ও সাহসী সাংবাদিক হিসেবে বজলুর রহমান শোষনমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন এবং শত প্রতিকূলতায়ও তার লেখনী স্তব্ধ হয়নি।”
জুরি বোর্ডের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আসাদুজ্জামান নূর বক্তব্য রাখেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
