মা ও স্বজনদের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১৫ অগাস্টের কালরাতে হত্যাযজ্ঞের পর বঙ্গবন্ধুর মরদেহ সমাহিত করা হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার নিজ বাড়ির পাশে। বাকিদের কবর দেওয়া হয় রাজধানীর বনানী করবস্থানে।
ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়িতে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট নিহত স্বজনদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।
রোববার সকালে রাজধানীর বনানী কবরস্থানে যান দুই বোন। সেখানে মা, তিন ভাই ও তাদের স্ত্রীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। কবরগুলোতে ফুলের পাপড়ি ছিটান দুই বোন।
পুস্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধুর দুই কন্যা। এরপর তারা ১৫ অগাস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন।
বঙ্গবন্ধুকে হত্যার রাতে খুনিরা তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল খুকু, শেখ জামালের স্ত্রী পারভীন জামাল রোজী এবং ছোট ভাই শেখ আবু নাসেরকেও হত্যা করে।
ধানমণ্ডির ৩২ নম্বর ছাড়াও হামলা হয় জাতির পিতার কয়েকজন স্বজনের বাসায়।
বঙ্গবন্ধুর সেজো বোনের স্বামী আবদুর রব সেরনিয়াবাতের বাড়িতে হামলা করে তাকে এবং তার নবম শ্রেণি পড়ুয়া ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, চতুর্থ শ্রেণি পড়ুয়া ছোট ছেলে আরিফ সেরনিয়াবাত, চার বছর বয়সী নাতি সুকান্ত আবদুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত ও সেই বাড়িতে বেড়াতে আসা আওয়ামী লীগ নেতা আমীর হোসেন আমুর খালাত ভাই আবদুল নঈম খান রিন্টুকেও হত্যা করা হয়।
জাতির পিতার সেজো বোনের ছেলে শেখ ফজলুল হক মনির বাসায় হামলা করে তাকে এবং তার স্ত্রী বেগম আরজু মনিকে গুলি করে খুনিরা।
সেই রাতের পর বঙ্গবন্ধুর মরদেহ সমাহিত করা হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার নিজ বাড়ির পাশে। বাকিদের কবর দেওয়া হয় রাজধানীর বনানী করবস্থানে।
বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা সে সময় বিদেশে থাকায় বেঁচে যান। বাবাকে হত্যার ছয় বছর পর ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের নেতৃত্ব নেন শেখ হাসিনা।
