বিচারিক আদালতে সেলিম খানের আবেদন, শুনানি ১২ অক্টোবর
ওই সময় পর্যন্ত মুক্তই থাকছেন দুদকের মামলার আসামি এই জনপ্রতিনিধি।
সর্বোচ্চ আদালতের নির্দেশনা মেনে বিচারিক আদালতে গিয়েছেন ইউপি চেয়ারম্যান সেলিম খান; তার জামিনের আবেদনে আদালত আগামী ১২ অক্টোবর শুনানির দিন ঠিক করেছে।
পাশাপাশি ওই সময় পর্যন্ত মুক্তই থাকছেন দুদকের মামলার আসামি এই জনপ্রতিনিধি। তবে তার আইনজীবী শাহীনুর ইসলাম অনিকে জিম্মায় থাকবেন তিনি। পরবর্তী শুনানির দিন সেলিমকে আদালতে হাজির করার প্রতিশ্রুতি নিয়ে শাহীনূরকে আদালতে মুচলেকা দিতে হয়েছে।
চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউপির চেয়ারম্যান।
গত ১ অগাস্ট দুদক তার বিরুদ্ধে মামলা করে। তাতে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
গ্রেপ্তার এড়াতে হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন সেলিম। গত ১৪ সেপ্টেম্বর তাকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছিল হাই কোর্ট।
কিন্তু আপিল বিভাগের চেম্বার বিচারপতি গত ২০ সেপ্টেম্বর হাই কোর্টের আদেশ স্থগিত করে দেন। সেই সঙ্গে সেলিমকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে বিচারিক আদালতে আবেদন করার নির্দেশ দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ হাকিম আছাদুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করেন সেলিম।
শুনানিতে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, মামলাটিতে অভিযোগ প্রমাণের যথেষ্ট উপাদান আছে। নইলে সেলিমের সম্পদ জব্দ করা হত না। তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আসত না।
এর বিরোধিতা করে শাহীনুর আয়করের কাগজপত্র আদালতে জমা দিয়ে বিচারককে বলেন, দাখিল করা সম্পদের তথ্যে কোনো ত্রুটি নেই। তার বিরুদ্ধে যে এজাহার হয়েছে, তা ভুলে ভরা।
এরপর বিচারক আগামী ১২ অক্টোবর জামিন আবেদনের শুনানির দিন ঠিক করে সেই সময় অবধি আইনজীবীর জিম্মায় দেন সেলিম খানকে।
সেলিম খানের প্রতিষ্ঠান শাপলা মিডিয়া গত বছরের শুরুতে ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দিলে তা নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
শাপলা মিডিয়া সংশ্লিষ্ট মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে আছে- ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘প্রেম চোর’, ‘শাহেনশাহ’, ‘ক্যাপ্টেন খান’, ‘আমি নেতা হবো’, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘বয়ফ্রেন্ড’, ‘পাগলের মতো ভালোবাসি’।
এরপর তার সম্পদের হিসাব নিয়ে এক বছরের মধ্যে দুদক এই মামলা করে। দুদকের সহকারী পরিচালক আতাউর রহমানের করা ওই মামলায় বলা হয়, সেলিম খান অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ তার ‘জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করে’ নিজ ভোগদখলে রেখেছেন। এ ছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের ‘তথ্য গোপন’ করেছেন। সেলিম খান যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, তা যাচাই-বাছাই করে এই অসঙ্গতি পাওয়া গেছে।
সেলিম খানের অনেক স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য এবং বিদেশে সম্পদ পাচারের তথ্য পাওয়ার কথা জানিয়ে তার বিদেশ যাওয়া ঠেকাতে দুদক আদালতে আবেদন করেছিল। তাতে সাড়া দিয়ে সেলিম খানের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞাও দেয় আদালত।
