আইএমইআই পাল্টে চোরাই মোবাইল বিক্রি, গ্রেপ্তার ১১
বৃহস্পতিবার ঢাকা মহানগর ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আইএমইআই পরিবর্তন করে চোরাই মোবাইল ফোন কেনাবেচার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ। উদ্ধার করা হয়েছে ৮০টি মোবাইল ফোন।
বৃহস্পতিবার ঢাকা মহানগর ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দিপু, সুজন, লাম ইসলাম, সোহেল রানা, শাহিরুল ইসলাম, রায়হান, ইমরান নাজির, জাহাঙ্গীর আলাম, শেখ মো. বাবু, সুমন শেখ ও মোশারফ।
অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, একটি ল্যাপটপ, একটি ডেক্সটপ কম্পিউটার, আইএমইআই পরিবর্তনে ব্যবহৃত তিনটি যন্ত্র, ১৫টি সিম কার্ড ও ১১টি মেমোরি কার্ডও জব্দ করা হয়।
পুলিশ কর্মকর্তা হারুন বলেন, “তারা জনসমাগমস্থল, বাস টার্মিনাল, রেল স্টেশন ও মার্কেট থেকে মোবাইল ফোন চুরি করে। পরে মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তন করে মার্কেটে বিক্রি করে।
“মোবাইল ফোন লক খোলার কাজ করত এ চক্রের সদস্য সুজন ও লাম ইসলাম।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
