অবরোধের সকালে মতিঝিলে বাসে আগুন
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই লোকজন আগুন নিভিয়ে ফেলে।
বিএনপির ডাকা অবরোধের মধ্যে ঢাকার মতিঝিলে বাসে আগুন দেওয়া হয়েছে।
মতিঝিলের বক চত্বরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর পরিবহনের বাসটিতে অগ্নিসংযোগ করা হয় বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদস্যরা পৌছানোর আগেই লোকজন আগুন নিভিয়ে ফেলে বলে জানান এই কর্মকর্তা।
মতিঝিল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “বাসের পেছনের একটি সিটে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ওই সিটটি শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।”
ঢাকায় গত ২৮ অক্টোবর সংঘর্ষে বিএনপির সমাবেশ ভণ্ডুলের পর থেকেই হরতাল-অবরোধের কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। সবশেষ বুধবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে দফায় দফায় এসব কর্মসূচির মধ্যে দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ভাঙচুরের খবর আসছে।
