২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার খিলক্ষেতে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নারী নিহত

খিলক্ষেত লো মেরিডিয়ান হোটেলের সামনে ঘটেছে এই দুর্ঘটনা।

ঢাকার খিলক্ষেতে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নারী নিহত

প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 08:26 PM

Updated : 06 Apr 2023, 08:12 PM

ঢাকার বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে নিহত হয়েছেন এক নারী।

খিলক্ষেত লো মেরিডিয়ান হোটেলের সামনে বুধবার বিকাল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

খিলক্ষেত থানার ওসি কাজী সাহান হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি অটোরিকশায় করে উত্তরা থেকে ওই নারী বারিধারায় আসছিলেন। লো মেরিডিয়ান হোটেলের সামনে শ্যামলী এনআর পরিবহনের একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কদ্বীপের সঙ্গে ধাক্কা লাগে। ওই নারী ও অটোরিকশাচালক আহত হন।

পথচারীরা দুজনকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে অটোরিকশা যাত্রী নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ওই নারীর নাম আফসানা। বারিধারা ডিওএইচএসে থাকেন, আর উত্তরায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছেন। তার এক ভাই বিদেশ থাকেন। বাসায় শুধু তার মা রয়েছেন।

পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায় বলে জানান সাহান হক।