২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর বিরুদ্ধে যাকাতের অর্থ আত্মসাতের মামলায় বাদীর সাক্ষ্য গ্রহণ

বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত এজলাসে ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতে সাক্ষ্য নেওয়া হয়।

সাঈদীর বিরুদ্ধে যাকাতের অর্থ আত্মসাতের মামলায় বাদীর সাক্ষ্য গ্রহণ

যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2022, 07:23 PM

Updated : 06 Sep 2022, 07:23 PM

যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ছয়জনের বিরুদ্ধে যাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিশেষ এজলাসে মঙ্গলবার সাক্ষ্য দেওয়া শুরু করেন এ মামলার বাদী ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক (অর্থ ও হিসাব) আইয়ুব আলী চৌধুরী।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীকে কারাগার থেকে এনে শুনানিতে হাজির করা হয়। মামলার বাদীর আংশিক সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক সৈয়দা হোসনে আরা আগামী ৩ অক্টোবর সাক্ষ্য নেওয়ার নতুন তারিখ ঠিক করে দেন।

ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের সাবেক পরিচালক আইয়ুব আলী চৌধুরী ২০১০ সালের ২৪ মে শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ‘পরস্পর যোগসাজশে’ ২০০৫-০৬ অর্থ বছরে ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বোর্ডের ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা এবং ২০০৪-০৫ অর্থবছরের ১৩ লাখ টাকাসহ যাকাত তহবিলের মোট ১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা দেশের ৬৪ জেলায় গরিব ও দুস্থদের না দিয়ে নিজেদের দলীয় প্রতিষ্ঠানে বরাদ্দ করে ‘আত্মসাৎ’ করেন।

গত বছর ১১ জানুয়ারি সাঈদীসহ ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরুর নির্দেশ দেন বিচারক।

বাকি ৫ আসামি হলেন- ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক।

ছয় আসামির মধ্যে দেলাওয়ার হোসাইন সাঈদী কারাগারে আছেন । জামিনে আছেন মোহাম্মদ লুৎফুল হক, মিয়া মোহাম্মদ ইউনুস এবং তোফাজ্জল হোসেন। আর আবুল কালাম আজাদ এবং মো. আব্দুল হক পলাতক।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযুক্ত ব্যক্তি হিসেবে জামায়াতের নায়েবে আমির সাঈদীর বিচার শুরু হয়েছিল ২০১১ সালের ৩ অক্টোবর। সাঈদী তার আগে থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মত মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ওই রায়ের বিরুদ্ধে সাঈদী আপিল করলে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দেয় আপিল বিভাগ। তাতে সাজা কমে আমৃত্যু কারাদণ্ডের আদেশ আসে।

পরে ওই রায়টিও পুনর্বিবেচনার আবেদন করা হলে তাতে আর কোনো পরিবর্তন করেনি আদালত।

সাঈদীর বিরুদ্ধে ২ কোটি ২৭ লাখ ৪০ হাজার ১২০ টাকা আয় গোপন করে তার ওপর প্রযোজ্য ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা কর ফাঁকির অভিযোগে আরেকটি মামলা রয়েছে।