২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘলা মৃত্যুর মামলায় স্বামীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

ডিবি পুলিশের আবেদনে অভিযোগপত্র থেকে শ্বশুর ও শাশুড়িকে অব্যাহতি দেন বিচারক; নারাজি দেননি মেঘলার বাবা

মেঘলা মৃত্যুর মামলায় স্বামীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
এলমা চৌধুরী মেঘলা হত্যা মামলায় আটক তার স্বামী ইফতেখার আবেদীন

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 01:05 AM

Updated : 25 Aug 2022, 04:01 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী এলমা চৌধুরী মেঘলার মৃত্যুর মামলায় স্বামী ইফতেখার আবেদীনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম।

বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবুবকর ছিদ্দিকের কাছে এই মামলায় নারাজি দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মেঘলার বাবা আদালতে হাজির হন। পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে আপত্তি নেই বলে বিচারককে জানান।

এরপর আদালত ইফতেখার আবেদীনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন।

ডিবি পুলিশের আবেদনে মেঘলার শ্বশুর মো. আমিন ও শাশুড়ি শিরিন আমিনকে অব্যাহতি দেন আদালত।

মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় এর নথি ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) বরাবর পাঠানোরও আদেশ দেন বিচারক। এরপর মুখ্য মহানগর হাকিম পরবর্তী বিচার কার্যক্রমের জন্য নথিপত্র মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দেবেন।

বনানী থানায় আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আলমগীর হোসেন এ তথ্য জানান।

গত বছর ১৪ ডিসেম্বর বিকাল ৪টার দিকে রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মারা যান মেঘলা। তার শরীরে আঘাতের অনেক চিহ্ন দেখা যায়। তবে মেঘলার স্বামী ও শ্বশুরবাড়ির মানুষের দাবি তিনি আত্মহত্যা করেছেন।

ঘটনায় ওইদিন রাতেই মেঘলার বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে মামলা করেন। মামলায় মেঘলার স্বামী ইফতেখার আবেদীন, শ্বশুর মো. আমিন ও শাশুড়ি শিরিন আমিনকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর ইফতেখারকে গ্রেপ্তার করা হয়। তিন দফা তাকে রিমান্ডেও নেওয়া হয়।

গত ১৯ এপ্রিল পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত ইফতেখারের জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ। ১৭ মে ঢাকার মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন পান আসামিরা।

গত ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক (নিরস্ত্র) কাজী শরীফুল ইসলাম মেঘলাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় ইফতেখারকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্র জমার পর গত ২০ জুন আসামিরা আবারও আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত ইফতেখারের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে ইফতেখারের মা ও বাবার জামিন মঞ্জুর করেন। সম্প্রতি ইফতেখারও জামিন পেয়েছেন।