২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টয়লেট থেকে শিল্পকলার উপপরিচালকের মরদেহ উদ্ধার

একাডেমির জাতীয় নাট্যশালার টয়লেটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ।

টয়লেট থেকে শিল্পকলার উপপরিচালকের মরদেহ উদ্ধার

মো. শহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2022, 01:36 AM

Updated : 14 Aug 2022, 01:36 AM

শিল্পকলা একাডেমির এক উপ পরিচালকের মরদেহ জাতীয় নাট্যশালার টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় অর্থ, হিসাব ও পরিকল্পনা বিভাগের উপ পরিচালক (চলতি দায়িত্ব) মো. শহিদুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, পরিচ্ছন্নতা কর্মীরা এক ব্যক্তিকে জাতীয় নাট্যশালার টয়লেটে পড়ে থাকতে দেখেন। দরজা ভেঙে উদ্ধারের পর দেখা যায় তিনি একাডেমির উপ পরিচালক শহিদুল।

তিনি বলেন, দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে, জানা যায় আগেই তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

কালচারাল অফিসার হিসাবে শহিদুল শিল্পকলা একাডেমিতে নিয়োগ পান। পরে অর্থ, হিসাব ও পরিকল্পনা বিভাগের উপ পরিচালকের দায়িত্ব দেওয়া হয় তাকে।

জনসংযোগ কর্মকর্তা হাসান বলেন, শনিবার বিকালে নাট্যশালার সেমিনার কক্ষে শিল্পকলা একাডেমি আয়োজিত ‘নাট্য রচনা বিষয়ক ভাবনা বিনিময় কর্মসভা’ এর সমাপনী আনুষ্ঠানিকতা ছিল। সেই আয়োজন শেষ করে এক ফাঁকে ৩ নম্বর মহড়া কক্ষের পাশের টয়লেটে যান শহিদুল।

“বেশ কিছু সময় ধরে টয়লেটের দরজা বন্ধ এবং ভেতর থেকে পানি আসছে দেখে পরিচ্ছন্নতা কর্মীরা দরজায় টোকা দেন। কিন্তু ভেতর থেকে সাড়া না পেয়ে উপর দিয়ে উঁকি দিয়ে দেখেন ভেতরে কেউ একজন নিস্তেজ হয়ে পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।“

শনিবার রাত ১১টার দিকে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শহিদুলের প্রথম জানাজার পর মরদেহ সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে রওনা হয়।

রোববার সকাল ১০টায় দ্বিতীয় জানাজার পর তাকে দাফন করা হবে বলে জানান হাসান মাহমুদ।