২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বিজয় শোভাযাত্রায় নির্বাচনবিরোধী কিছু করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

“যেহেতু বিজয়ের মাস, বিজয়ের দিন, সেজন্য কাউকে আমরা মানা করছি না বিজয়ের আনন্দ প্রকাশ করতে”, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজয় শোভাযাত্রায় নির্বাচনবিরোধী কিছু করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজয় দিবসে রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2023, 01:08 PM

Updated : 16 Dec 2023, 01:08 PM

বিজয় দিবসের শোভাযাত্রায় নির্বাচনবিরোধী কোনো কাজ করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিজয় দিবসে শনিবার বিএনপির শোভাযাত্রার বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা বলেছেন।

শনিবার রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যেহেতু বিজয়ের মাস, বিজয়ের দিন, সেজন্য কাউকে আমরা মানা করছি না বিজয়ের আনন্দ প্রকাশ করতে।

“বিজয় দিবস আনন্দের দিন। নির্বাচনে বাধা, নির্বাচনের বিরুদ্ধে কোনো কথা বলা, প্রচার করা- এগুলো থেকে তাদেরকে বিরত থাকতে বলা হয়েছে।”

বিজয় দিবসে বিজয় র‌্যালি করার অনুমতি চেয়ে গত ১৩ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করে বিএনপি।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তাদের বিজয়ের র‌্যালি করার জন্য একটি রোড ম্যাপ তৈরি করতে বলা হয়েছে, যাতে শান্তিপূর্ণ একটি র‌্যালি করা যায়। তারা যে স্থান উল্লেখ করেছেন, সেটি অনুসরণ করেই তারা যেন করেন।”

তিনি বলেন, “জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে। এখন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা বাহিনী কাজ করছে। নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়েছে আমাদের নিরাপত্তা বাহিনী সে অনুযায়ী কাজ করতে প্রস্তুত রয়েছে।”

এদিকে বিএনপিকে শোভাযাত্রার অনুমতি প্রসঙ্গে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম বলেন, “তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বিজয় র‍্যালি করবে। তবে তাদের লিখিতভাবে কোনো অনুমতি দেওয়া হয়নি।”

বিজয় দিবসে রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শ্রদ্ধা জানান। পরে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনসহ পুলিশের বিভিন্ন সংগঠন ও ইউনিটের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।