২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিনারের মতই উঁচু হোক ওর দেশপ্রেম’

“গতকাল এসেছিলাম, ঢুকতে পারিনি। আজ সকাল সকাল চলে এলাম। দেশের জন্য মানুষ রক্ত দিছে, এগুলো ওদের জানা প্রয়োজন।”

‘মিনারের মতই উঁচু হোক ওর দেশপ্রেম’

বিজয় দিবসে সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসে শিশুরাও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2023, 11:55 AM

Updated : 16 Dec 2023, 11:55 AM

পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির দিন ১৬ ডিসেম্বরে সাভারের স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি।

রক্ত ঝরা বিজয়ের সেই দিনগুলো সচক্ষে দেখা প্রবীণরাও যেমন স্মৃতিসৌধে এসেছেন; সেইসঙ্গে পতাকা আর ফুল হাতে এসেছে বইয়ের পাতায় মুক্তিযুদ্ধের গল্প পড়া শিশু-কিশোর-তরুণরাও।

বিজয় দিবসের সকাল থেকেই ভিড় বাড়ে ঢাকার অদূরে সাভারের স্মৃতিসৌধে। লাল-সবুজ সাজপোশাকের ভিড়ে সেখানেই দেখা মেলে আব্দুল রফিকের।

আশুলিয়ার এই ব্যবসায়ী স্মৃতিসৌধে এসেছিলেন ৭ বছরের নাতি সাজ্জাদ ইবনে আহীরকে নিয়ে। কয়েক বছর ধরেই বিজয় দিনে নাতিকে স্মৃতিসৌধে নিয়ে আসেন তিনি, ফুল দিয়ে শ্রদ্ধা জানান বেদিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রফিক বলেন, “যদি এখানে নিয়ে না আসি, তাহলে স্বাধীনতা কীভাবে অর্জন হল তার সঙ্গে পরিচয় হবে না ওর। বোঝার বয়স হওয়ার পর থেকেই ওকে এখানে নিয়ে আসি। মিনারের মতই যেন উঁচু হয় ওর স্বদেশ প্রেম, এটাই চাওয়া।”

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নিয়েছিল যে বাংলাদেশ, তার ৫২তম বার্ষিকী পালন হচ্ছে শনিবার।

প্রতিবছর বিজয়ের দিনটিতে স্মৃতিসৌধে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বীর শহীদদের। শনিবার সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ফুলে ফুলে ভোরে ওঠে স্মৃতিসৌধ বেদি।

বিজয়ের সকালে বাবার সঙ্গে স্মৃতিসৌধে এসেছিল ৫ বছরের রিহানুজ্জামান স্বাধীন। ভোরে ঢাকার দক্ষিণ বনশ্রী থেকে স্মৃতিসৌধের উদ্দেশে বের হলেও বাইপাইলে তাদের গাড়ি আটকে দেওয়া হয়। বাকি পথ আসতে হয় হেঁটে।

স্বাধীনের বাবা মনিরুজ্জামান বলেন, হেঁটে আসার সময় বেশ খানিকটা দূর থেকেই দেখা যাচ্ছিল স্মৃতিসৌধ, সেটি চোখে পড়তেই উৎফুল্ল হয়ে ওঠে ছেলে।

স্বাধীন বলে, “বাবার সঙ্গে এসেছি, খুব ভালো লাগছে এখানে।”

তার বাবা মনিরুজ্জামানের ভাষ্য, “এতগুলো মানুষ প্রাণ দিল আমাদের স্বাধীন পাতাকা দেওয়ার জন্য; সেটা তাদের জানা প্রয়োজন।”

বিজয়ে দিবসের আগেরদিন স্মৃতিসৌধ দেখতে এসেছিলেন কৃষক আমান উল্লাহ, বাড়ি সিরাজগঞ্জে। নয় বছরের ছেলে আব্দুল্লাহকে নিয়ে এলেও শুক্রবার স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঢুকতে পারেননি।

শনিবার সকালে আবার স্মৃতিসৌধে আসেন। প্রথমবার স্মৃতসৌধ দেখার আনন্দ তার ছেলে আব্দুল্লাহর চোখে-মুখে।

আমান উল্লাহ বলেন, “গতকালকে এসেছিলাম, ঢুকতে পারিনি। তাই আজকে সকাল সকাল চলে এলাম। দেশের জন্য মানুষ রক্ত দিছে, এগুলো ওদের জানা প্রয়োজন।”

ছয় বছরের আরিশা আক্তারের বায়না ছিল স্মৃতিসৌধ দেখার। বিজয়ের দিনে সেটিই পূরণ করলেন তার বাবা-মা। মিরপুরের ইসিবি থেকে মেয়েকে নিয়ে তারা সকালে হাজির হন স্মৃতিসৌধে।

আরিশার মা আয়েশা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ও কখনো আসেনি। নানাভাবে সে স্মৃতিসৌধের কথা শুনেছে। তারপর থেকে আসতে চাচ্ছিল।”

নড়াইলের কাজী হোসাইন কাদেরও সাত বছরের মেয়েকে নিয়ে আসেন স্মৃতিসৌধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কাদের বলেন, “মেয়েটা গ্রামে থাকে। আমরাও গ্রামে বড় হয়েছি, কখনও আসা হয়নি, তাই মেয়েকে নিয়ে আসা। কাজে ব্যস্ত থাকায় আসতে পারি না।

“এবার সুযোগ পেয়েছি, মেয়ের সঙ্গে উদযাপন করতে চাই।”