টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিনের মাথায় আহ্বায়কের পদত্যাগ
২৬ সেপ্টেম্বর রাতে টুঙ্গিপাড়া এনসিপির ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
এনসিপির কমিটি গঠনের মাত্র আট দিনের মাথায় পদত্যাগ করেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আহ্বায়ক শাহিদ আলম।
রোববার বিকালে তিনি জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন।
জেলা এনসিপির সদস্যসচিব ফেরদৌস আমিনা বলেন, “উনি পদত্যাগপত্র জমা দিলেও আমরা এখনও তা গ্রহণ করিনি। উনি চেয়েছিলেন তার পদপ্রাপ্তির বিষয়টি যেন গোপনে রাখা হয় এবং কোনো কমিটি প্রকাশ্যে না আসে। এটা গ্রহণযোগ্য নয়। কেন্দ্রীয় ও দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পদত্যাগের বিষয়ে শাহিদ আলম বলেন, “শারীরিক ও পারিবারিক সমস্যার পাশাপাশি আমার নিজস্ব ব্যবসা রয়েছে। রাজনীতিতে যুক্ত হওয়ার পর ব্যবসায় বেশ ক্ষতি হয়েছে। এসব বিবেচনা করেই রাজনীতি পুরোপুরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
২৬ সেপ্টেম্বর রাতে টুঙ্গিপাড়া এনসিপির ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। জেলা এনসিপির আহ্বায়ক বাঁধন মিয়া, সদস্যসচিব ফেরদৌস আমিনা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা শুভ যৌথভাবে ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।
