০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

১৬ কোটি টাকার সোনা উদ্ধার: দুই বিমানকর্মী পাঁচ দিনের রিমান্ডে

স্বর্ণ কিভাবে পেলেন? বিচারকের প্রশ্নের জবাবে মানিক বলেন, ‘সিটে ছিল’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 05:09 PM

Updated : 05 Oct 2026, 05:09 PM

ঢাকার শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর জুতার ভেতর থেকে ৮০টি স্বর্ণেরবার উদ্ধারের মামলায় দুই বিমানকর্মীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই আবু বকর ছিদ্দিক এ তথ্য দিয়েছেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-মানিক মিয়া এবং মিজানুর রহমান।

ওই দুই কর্মীকে রোববার সকালে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সিআইআইডির কর্মকর্তারা ঢাকার শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন।

দুবাই থেকে আসা ইমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইকে-০৫৮২) রানওয়ের যে স্থানে অবস্থান করছিল, সেখান থেকে দুই বিমানকর্মীর জুতার ভেতরে ‘বিশেষ কায়দায়’ লুকানো ৮০টি সোনার বার উদ্ধার করা হয়।

প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। উদ্ধার করা সোনার মোট ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম। এসব সোনার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

সিআইআইডি বলছে, বিমানকর্মীদের জুতায় স্বর্ণবার লুকিয়ে চোরাচালানের সঙ্গে কারা জড়িত, কোথা থেকে এল এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় রোববার বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার অব কাস্টমসের রুহানী ইসলাম বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার ইন্সপেক্টর আবুল কাইয়ুম দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

পরে শুনানি শুরু হয়। আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বিচারক তাদের কাছে নাম, বাবার নাম ও ঠিকানা জানতে চান। তারা এসব প্রশ্নের উত্তর দেন।

এরপর বিচারক তাদের কাছে জানতে চান, ‘স্বর্ণ কোথা থেকে আনলেন?’

তখন মানিক বলেন, ‘ফ্লাইটে পাইছিলাম’।

কিভাবে পেলেন? বিচারকের প্রশ্নের জবাবে মানিক বলেন, ‘সিটে ছিল’।

তখন বিচারক বলেন, ‘মাঝে-মধ্যে পাওয়া যায়?’ তবে এর উত্তর দেননি তারা।

আগে স্বর্ণ পেয়েছেন কি না বিচারক জানতে চাইলে মানিক বলেন, ‘না’।

তখন বিচারক বলেন, “১০০ গ্রাম, ২০০ গ্রাম না ৯ কেজি স্বর্ণ সিটে পাওয়া যায়।”

পরে বিচারক দুই আসামির ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।