ফতুল্লায় এনসিপি নেতার ওপর হামলা: বিএনপির ১৬ নেতাকর্মীর নামে মামলা
হত্যাচেষ্টার মামলায় অজ্ঞাত পরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির এক নেতার ওপর হামলার ঘটনায় বিএনপির ১৬ নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।
সোমবার মধ্যরাতে এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাসান বাদী হয়ে মামলাটি করেন বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম।
এ ছাড়া মামলায় অজ্ঞাত পরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আসামিরা হলেন- ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ (৪৫), যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল প্রধান (৫০), বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের (৩০), হালিমের ছোট ভাই ইয়াসিন আরাফাত (২৮), নয়ন (২৪), ইমন (২৩), জুয়েল (৩৫), হাসান শরীফ (২৫), শরীফ (২৬), শুভ (২৫), রানা (২৮), ইমরান (২৩), লিটন (২৫), শরিয়ত উল্লাহ (২৭), বিজয় (২৪) এবং মাসুম ওরফে মরা মাসুম (৩০)।
এজাহারে বলা হয়েছে, সোমবার বিকালে বক্তাবলী বাজার এলাকায় এনসিপির সাংগঠনিক সভা হয়। সভাশেষে স্থানীয়দের সঙ্গে আলাপের সময় লোকজন ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ করেন।
এ নিয়ে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়িতে গিয়ে সেখানে দায়িত্বরত কর্মকর্তাদের অবৈধভাবে বালু উত্তোলনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সেখান থেকে বেরিয়ে বাজারের দিকে যাওয়ার পর রাত সোয়া ৮টার দিকে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম তাওহীদ আহত হন।
ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়া’র হুমকি এনসিপি নেতার
