০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

সানাকে হুতিমুক্ত করতে ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরু সরকারি বাহিনীর

ইয়েমেনের সৌদি আরব সমর্থিত প্রেসিডেন্ট হুতিদের নিয়ন্ত্রণে থাকা সব ভূখণ্ড পুনরুদ্ধারে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন।

সানাকে হুতিমুক্ত করতে ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরু সরকারি বাহিনীর

ইয়েমেনের সানায় বিমান হামলার স্থান থেকে ধোঁয়া উঠছে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 05:03 PM

Updated : 05 Oct 2026, 05:03 PM

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘হুতি মিলিশিয়াদের অভ্যুত্থানের অবসান ঘটাতে, রাজধানী সানা মুক্ত করতে ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার করতে’ তারা ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযান শুরু করেছেন।

সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি বলেছেন, “খোদার সাহায্যে, আমাদের জনগণের ইচ্ছায়, আমাদের সশস্ত্র বাহিনী ও সব সামরিক বিন্যাসের সাহসিকতায় এবং আমাদের ভাই ও বন্ধুদের সমর্থনে, ইয়েমন স্বাধীনতার এক ভোর, শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে।”

আনসার আল্লাহ নামে পরিচিত ইরান সমর্থিত হুতিরা ২০১৪ সালে সানা দখল করে নেওয়ার পর সেখানে নিজেদের সরকার বসায়। পাশাপাশি তারা ইয়েমেনের উত্তরাঞ্চল ও উত্তরপূর্বাঞ্চলও নিয়ন্ত্রণ করছে। গত মাসে তারা দেশটির লোহিত সাগরের উপকূলবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোও দখলে নিয়েছে।

সৌদি আরব সমর্থিত আল আলিমি রোববার হুতিদের নিয়ন্ত্রণে থাকা সব ভূখণ্ড পুনরুদ্ধারে সামরিক অভিযান শুরু করার্ ঘোষণা দিয়েছেন।

আল জাজিরা জানিয়েছে, অভিযান শুরুর পর ইয়েমেনের সরকারি বাহিনী লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের দাবি করেছে। তারা তায়িজ প্রদেশের উপকূলীয় শহর ধুবাবের নিকটবর্তী একটি বিমানবন্দর পুনরুদ্ধারেরও দাবি করেছে।

এক্সে ধারাবাহিক কয়েকটি পোস্টে সরকারি বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ আল-নুজাইলি জানিয়েছেন, ইয়েমেনের সরকারি বাহিনী বিমানবন্দরটি পুনরুদ্ধার করেছে আর ওই অঞ্চলে নিয়ন্ত্রণ জোরদার করেছে।

কিছু হুতি যোদ্ধা অবরুদ্ধ হয়ে যাওয়ার পর নৌকাযোগে পালিয়ে গেছে বলেও দাবি করেছেন তিনি।

এর আগে সরকারি বাহিনী হুতিদের বিরুদ্ধে ‘চূড়ান্ত সামরিক অভিযান’ চালিয়ে ধুবাব জেলা দখল করে নেওয়ার দাবি জানিয়েছিল।

এই সামরিক অভিযান অব্যাহত আছে বলে নুজাইলি জানিয়েছেন।