Published : 16 Jul 2023, 02:24 PM
চাকরি স্থায়ীকরণের দাবি এবং আউটসোর্সিয়ের মাধ্যমে নতুন কর্মচারী নিয়োগের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ের রেললাইন অবরোধ করছে শতাধিক শ্রমিক।
রোববার বেলা ১১টা থেকে ঢাকার কাওরানবাজারে এফডিসি সংলগ্ন রেলগেইটে ‘বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে এই অবস্থান কর্মসূচির কারণে নারায়ণগঞ্জ বাদে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকদের একটা অংশ চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলন করছে। এজন্য ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে।”
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) সরদার শাহাদাত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মগবাজারে রেলওয়ের অস্থায়ী কর্মচারীরা অবস্থান নিয়েছে। তাদের কিছু বেতন বাকি আছে। এছাড়া চাকুরি স্থায়ীকরণের দাবি আছে। এ কারণে তারা রেললাইনের ওপর বসে পড়েছে। ঢাকা থেকে ট্রেন যেতে পারছে না, আসতেও পারছে না।”
অবরোধের কারণে অন্তত ১৫টি ট্রেন ঢাকার আশপাশে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বলে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবির জানান।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহনকারী রেল শ্রমিক সাহাবুদ্দিন মুন্না বলেন, ‘‘আমাদের চাকরির বয়স ৬ বছর। এখনো স্থায়ী করা হয়নি। অথচ অস্থায়ী ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিংয়ে নতুন করে কর্মচারী নিয়োগের ঘোষণায় আমরা এই প্রতিবাদ জানাচ্ছি।”
সাহেদ আলী নামে আরেক শ্রমিক বলেন, “আমাদের পিঠ ঠেকে গেছে। আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।”
হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ জানান, “রেলকর্মীরা বিভিন্ন দাবিতে রেললাইনে অবস্থান নিয়েছে। আমরা ওদের সাথে আলোচনা করছি।”