‘রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠাপর্বে বঙ্গবন্ধুর সহযাত্রী ছিল সংবাদপত্র’
“স্বাধীনতার জন্য মানুষকে সংগঠিত করতে বাংলার প্রতিটি জনপদ, ধূলিকণায় তার পদচিহ্ন রয়েছে।”
তরুণ রাজনৈতিক ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠাপর্ব থেকেই সংবাদপত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সহযাত্রী’ ছিল বলে মন্তব্য করেছেন সাংবাদিক-কলামনিস্ট অজয় দাশগুপ্ত।
তিনি বলেছেন, তরুণ রাজনৈতিক নেতা হিসেবে শেখ মুজিব কোথায় কী করছেন এগুলো খুব ভালোভাবে সংবাদপত্র সংগ্রহ করত এবং প্রকাশ করত। বঙ্গবন্ধুর এই খবরগুলো পূর্ব পাকিস্তানের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষার মানসিকতা তৈরি করেছিল। যেখানে বঙ্গবন্ধুর সহযাত্রী ছিল গণমাধ্যম।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির আয়োজনে ‘বঙ্গবন্ধু বক্তৃতামালা’ শীর্ষক ধারাবাহিক বক্তৃতা কার্যক্রমের সপ্তদশ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে অজয় দাশগুপ্ত এসব কথা বলেন।
একুশে পদকপ্রাপ্ত এই সাংবাদিক তার গবেষণা প্রবন্ধে বলেন, ১৯৪৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ঢাকায় আসেন তখন হোসেন শহীদ সোহরাওয়ার্দী তাকে মুসলিম লীগের সাধারণ সম্পাদক করতে মনস্থির করেন। গোয়েন্দা প্রতিবেদনে তাকে এভাবে বলা হয়েছে, এ লোক অদম্য, তিনি প্রলোভনের কাছে নত হতে রাজি নন। স্বাধীনতার জন্য মানুষকে সংগঠিত করতে বাংলার প্রতিটি জনপদ, ধূলিকণায় তার পদচিহ্ন রয়েছে।
“কেউ বলতে চান, বঙ্গবন্ধু গণমাধ্যমের পৃষ্ঠপোষকতা পেয়েছেন বলেই রাজনৈতিক অঙ্গনের সিঁড়িগুলো সহজে অতিক্রম করতে পেরেছিলেন। তরুণ রাজনীতিবিদ হলেও গণমাধ্যমে তিনি স্থান করে নিতে পেরেছিলেন। সেসময় যদি আজকের মত প্রযুক্তি থাকত, তাহলে বঙ্গবন্ধুর আত্মত্যাগ পুঙ্খানুপুঙ্খ সংরক্ষণ করা যেত।”
মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, সে সময় বঙ্গবন্ধু ছিলেন গণমাধ্যমের আবশ্যকীয় আধেয়। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে পত্রিকা প্রকাশ করা কঠিন ছিল। তাকে আধেয় হিসেবে ব্যবহার করে সংবাদপত্র টিকে ছিল।
“বঙ্গবন্ধু গণমাধ্যমের ভিতরকার কথা জানতেন। রাজনীতির পাশাপাশি সংবাদপত্র যে একটি শক্তিশালী মাধ্যম, সেটি তিনি বুঝেছিলেন। তিনি সাংবাদিকতার শিক্ষকের মত সাংবাদিকতার সবকিছু ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছেন।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আবদুল বাছির বলেন, বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদ বাদে বিজ্ঞান, ব্যবসা অনুষদসহ অন্যান্য অনুষদে বাংলাদেশ স্টাডিজ চালু হতে যাচ্ছে। সেখানে বঙ্গবন্ধু, স্বাধীনতা, বুদ্ধিজীবীসহ সবকিছু পাঠ্যসূচিতে থাকবে। সেখানে শিক্ষার্থীরা আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ফকরুল আলম। সঞ্চালনা করেন ইনস্টিটিউটের রিসার্চ ফেলো হাসান নিটোল।
