২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে সেনা-ইউপিডিএফ গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার: আইএসপিআর

“পাহাড়ি সশস্ত্র দলের বিরুদ্ধে সেনাবাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনা করছে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2025, 06:51 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ মূল দলের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে।

শনিবার সকালে উপজেলার জগাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে।

আইএসপিআর বলেছে, “পাহাড়ি সশস্ত্র দলের বিরুদ্ধে সেনাবাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনা করছে।” 

এই অভিযানের অংশ হিসেবে এদিন সকালে সেনাবাহিনীর একটি টহল দল জগাপাড়া এলাকায় ইউপিডিএফের এক সন্দেহভাজন সদস্যের বাড়িতে তল্লাশি চালায় জানিয়ে আইএসপিআর বলেছেন, তল্লাশির সময় সে পাড়ায় অবস্থানরত ইউপিডিএফের ১৫/২০ জনের একটি সশস্ত্র দলের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে আট রাউন্ড গুলিসহ একটি রাশিয়ান পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০০ রাউন্ড রাইফেলের গুলি, একটি ওয়াকিটকি সেট ও ইউনিফর্মসহ আনুষাঙ্গিক সরঞ্জাম উদ্ধার করেন সেনাবাহিনীর সদস্যরা।

আইএসপিআর বলছে, “এলাকার দুর্গমতার কারণে ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র দলটি পালিয়ে যেতে সক্ষম হয়।”

ঘটনায় জড়িত সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন জানিয়ে আইএসপিআর বলেছে, “পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে।”