২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া পুলিশ কর্মকর্তার ইস্তফা

বুয়েট থেকে পুরকৌশলে ডিগ্রিধারী উৎপল দত্ত প্রকৌশলী হিসেবে দুই বছর সরকারি চাকরি করে যোগ দিয়েছিলেন পুলিশে।

শিক্ষা ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া পুলিশ কর্মকর্তার ইস্তফা

সচিবালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2022, 06:21 PM

Updated : 06 Nov 2022, 06:21 PM

ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া এক পুলিশ কর্মকর্তার চাকরির অবসান ঘটিয়েছে সরকার।

তার নাম উৎপল দত্ত। অতিরিক্ত পুলিশ সুপারের পদে থাকা এই কর্মকর্তা পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন।

পাঁচ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পাঠানো নিয়ে আলোচনার মধ্যেই উৎপলের চাকরি থেকে ইস্তফার খবর এল।

তার চাকরিচ্যুতির প্রজ্ঞাপন গত ৩১ অক্টোবর স্বাক্ষর হলেও পাঁচ দিন পর রোববার তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে তোলা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা উৎপল দত্তকে (মার্কিন যুক্তরাষ্ট্রে লিয়েনে কর্মরত) ২৬ মার্চ, ২০২২ থেকে চাকরি থেকে ‘ইস্তফা প্রদান করা হল’।

তবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপন/পরিপত্রের সূচিতে এই প্রজ্ঞাপনের শিরোনাম ছিল- “জনাব উৎপল দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকাকে চাকরি হতে বরখাস্ত প্রদান।”

এই বিষয়ে কথা বলতে জ্যেষ্ঠ সহকারী সচিব সিরাজাম মুনিরাকে কল করা হলেও তিনি ফোন ধরেননি।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ (অধি) শাখার যুগ্ম সচিব আবুল ফজল মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উৎপল দত্তের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে চাকরি থেকে ইস্তফার প্রজ্ঞাপন হয়েছে।

উৎপল দত্ত শিক্ষা ছুটি (লিয়েন) নিয়ে যুক্তরাষ্ট্রে পড়তে গিয়েছিলেন বলে তার সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে।

উৎপলের ফেইসবুক একাউন্টে দেখা যায়, তিনি ইউনিভার্সিটি অব টেক্সাসে পড়াশোনা সম্পন্ন করেছেন।

উৎপল বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিধারী। ২৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে তিনি পিডব্লিউডিতে প্রকৌশলী হিসেবে যোগ দেন। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ওই সরকারি চাকরি করেন তিনি। 

পরে ৩০তম বিসিএস পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ হয়ে তিনি ২০১২ সালে যোগ দেন পুলিশে। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি ঢাকা মহানগর পুলিশে ছিলেন, এরপর যোগ দেন পুলিশ সদর দপ্তরে।

সম্প্রতি সরকার পাঁচ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। তা নিয়ে বেশ আলোচনা চলছিল। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, কাজের দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি থাকায় ওই কর্মকর্তাদের অবসরে পাঠানো হয়েছে।

পুরনো খবর:

৫ পুলিশ কর্মকর্তাকে অবসর ‘দেশপ্রেম ও দক্ষতার ঘাটতির’ কারণে: স্বরাষ্ট্রমন্ত্রী