সড়ক দুর্ঘটনায় নিহত কর্মকর্তার ব্যাংক ঋণ শোধ করল আনসার ও ভিডিপি
চট্টগ্রামের মীরসরাইয়ে গত ৫ জুলাই প্রাণ হারান মোহাম্মদ আলাউদ্দিন।
সড়ক দুর্ঘটনায় নিহত বাহিনীর এক কর্মকর্তার ব্যাংক ঋণ শোধ করে দিয়েছে আনসার ও ভিডিভি।
বৃহস্পতিবার সদর দপ্তরে এক অনুষ্ঠানে নিহত মোহাম্মদ আলাউদ্দিনের স্ত্রী ইয়াসমিন পলির হাতে চেক তুলে দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বাহিনীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "এ অর্থ দিয়ে মোহাম্মদ আলাউদ্দিনের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বকেয়া ঋণ পরিশোধ করা হবে।"
এর আগে দাফন ও অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ তাৎক্ষণিক ৭৫ হাজার টাকা বাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়।
অনুষ্ঠানে মহাপরিচালক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পরিবারের সদস্যদের আশ্বস্ত করে তিনি বলেন, "বিধি মোতাবেক প্রাপ্য সব সুবিধা দ্রুততম সময়ে নিশ্চিত করাসহ ভবিষ্যতেও বাহিনীর পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।"
গত ৫ জুলাই চট্টগ্রামের মীরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।
