১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা সৌর প্যানেল নির্মাতা ‘লংজি’

প্রধান উপদেষ্টা চীনা হাসপাতাল চেইনগুলোকে বাংলাদেশে উন্নত ক্লিনিক স্থাপন বা স্থানীয় অংশীদারদের সঙ্গে যৌথভাবে স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণের আহ্বান জানান।

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা সৌর প্যানেল নির্মাতা ‘লংজি’
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2025, 12:53 AM

Updated : 26 Aug 2026, 12:02 PM

সৌর প্যানেল নির্মাণে শীর্ষস্থানীয় চীনা কোম্পানি ‘লংজি’ বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে রাষ্ট্রদূত এ কথা জানান। 

পরে প্রধান উপদেষ্টার দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

চীনের রাষ্ট্রদূত বলেন, গত ডিসেম্বরে শীর্ষস্থানীয় কয়েকটি চীনা সৌর প্যানেল প্রস্তুতকারী কোম্পানি বাংলাদেশে এসে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের উৎপাদন কেন্দ্র স্থানান্তরের আমন্ত্রণ জানিয়েছে। এর প্রেক্ষিতেই চীনা কোম্পানিগুলোর প্রতিনিধিরা বাংলাদেশ সফর করেন।

বাংলাদেশ ঘুরে যাওয়া কোম্পানিগুলোর মধ্যে অন্তত দুটি, যার মধ্যে লংজিও রয়েছে, বাংলাদেশে অফিস ও কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বলে তুলে ধরেন রাষ্ট্রদূত। বলেন, “তারা খুব শিগগিরই বাংলাদেশে বিনিয়োগ করবে।”

তিনি বলেন, গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে চীনা কোম্পানিগুলো বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী হয়ে উঠেছে। চীনের জন্য নির্ধারিত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) চালু হলে আরও বহু চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রস্তুত হবে। 

বৈঠকের পর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জুলাই অভ্যুত্থানের ওপর শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রে নিয়ে প্রকাশিত বই চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে উপহার দেন। ছবি: পিআইডি 

বৈঠকের পর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জুলাই অভ্যুত্থানের ওপর শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রে নিয়ে প্রকাশিত বই চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে উপহার দেন

বৈঠকে মুহাম্মদ ইউনূস বাংলাদেশে আরও চীনা বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, পশ্চিমা বাজারে রপ্তানির জন্য বাংলাদেশ একটি প্রধান উৎপাদন কেন্দ্র হয়ে উঠতে পারে।

তিনি চীনা হাসপাতাল চেইনগুলোকে বাংলাদেশে উন্নত ক্লিনিক স্থাপন বা স্থানীয় অংশীদারদের সঙ্গে যৌথভাবে স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণের আহ্বান জানান।

“বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন। চীনের হাসপাতাল চেইনগুলোর জন্য এখানে হাসপাতাল নির্মাণের একটি অনন্য সুযোগ রয়েছে”, বলেন মুহাম্মদ ইউনূস।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনের কুনমিং শহরের চারটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত করা হয়েছে। গত সপ্তাহে একটি দল চিকিৎসার জন্য সেখানে গিয়েছে।

চার দিনের সফর আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক রয়েছে তার। বৈঠকের পর বাংলাদেশ ও চীন যৌথ বিবৃতি প্রকাশ করবে।

রাষ্ট্রদূত বলেন, চীনে প্রধান উপদেষ্টার আসন্ন সরকারি সফর বাংলাদেশ-চীন ৫০ বছরের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর হবে। 

তিনি বলেন, সফরকালে বিশ্বের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান পিকিং বিশ্ববিদ্যালয় মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন।

এটি প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। এই সফরে তিনি বোয়াও ফোরামে যোগ দেবেন ও বক্তব্য রাখবেন। 

এই ফোরাম ‘প্রাচ্যের দাভোস’ নামে পরিচিত। প্রতি বছর বিশ্বের শীর্ষস্থানীয় নেতা ও সিইওরা গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনার জন্য এখানে একত্রিত হন।   

মুহাম্মদ ইউনূস সেখানে ‘পরিবর্তনশীল বিশ্বে এশিয়া: একটি অভিন্ন ভবিষ্যতের পথে’ শীর্ষক ভাষণ দেবেন। চীনের নির্বাহী উপ-প্রধানমন্ত্রীও তার সঙ্গে উপস্থিত থাকবেন।