১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

'আনুষ্ঠানিক আমন্ত্রণ' পাননি, মোহন রায়হান কি পুরস্কার নেবেন?

“কবি শামসুর রাহমানকে নিয়ে স্বাধীনতা পুরস্কার প্রসঙ্গে বিতর্কের পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে গণভবনে ডেকে সম্মানিত করেছিলেন।”

পাভেল রহমান পাভেল রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 03:12 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সোমবার সকাল পর্যন্ত 'আনুষ্ঠানিক আমন্ত্রণ বা চিঠি' পাননি বলে জানিয়েছেন কবি মোহন রায়হান।

'আনুষ্ঠানিক আমন্ত্রণ বা চিঠি' হাতে না পেলে পুরস্কার নিতে ‘যাবেন না বলে’ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এই কবি।

সোমবার বেলা ১১টায় বাংলা একাডেমিতে তাকে এ পদক প্রদান করা হবে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল মন্ত্রণালয়। পর দিন রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মোহন রায়হান বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিতে চান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বৃহত্তর স্বার্থে’ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

তবে আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ না পাওয়ায় এদিন সকালে বাংলা একাডেমিতে পুরস্কার গ্রহণ করতে যাননি মোহন রায়হান।

পুরস্কার গ্রহণের বিষয়ে এখন কী সিদ্ধান্ত নিয়েছেন জানতে চাইলে সোমবার মোহন রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি তো সংবাদ সম্মেলনে বলেছি, মর্যাদাপূর্ণ পক্রিয়ায় প্রধানমন্ত্রীর হাত থেকে এই পুরস্কার দেওয়া হোক। কিন্তু মন্ত্রণালয় থেকে আমি কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ বা চিঠি পাইনি। এজন্য পুরস্কার গ্রহণ করতে যাইনি।"

এদিকে বাংলা একাডেমিতে পুরস্কার প্রদানের জন্য ব্যানারসহ ‘সব রকম প্রস্তুতি নেওয়া ছিল’ বলে একাডেমির কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে। পুরস্কার স্থগিতের সিদ্ধান্ত যেহেতু সরকার থেকে নেওয়া হয়েছিল। এখন পুরস্কার দেওয়ার সিদ্ধান্তও সরকার থেকেই জানানো হবে বলে মনে করছে বাংলা একাডেমি সংশ্লিষ্টরা।

কদিন আগে বাংলা একাডেমি যখন এবারের সাহিত্য পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে, সেখানে মোহন রায়হানকে কবিতায় এ পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছিল। সে অনুযায়ী তিনি বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে হাজিরও হয়েছিলেন।

কিন্তু পুরস্কার বিতরণের সময় অনুষ্ঠান মঞ্চে তার নাম ঘোষণা করা হয়নি। পরে তিনি পুরস্কার না নিয়েই অনুষ্ঠান থেকে বেরিয়ে যান।

এ নিয়ে তীব্র সমালোচনার পর শনিবার মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিত জানানো হয় তাকে সোমবার এ পুরস্কার দেওয়া হবে।

মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলেছে, "কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদান করার ঘোষণা দেওয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।"

উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করার জন্য গত ২৭ ফেব্রুয়ারি তারিখে মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানায় মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "অভিযোগসমূহ পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।"

কিন্তু সোমবার সকালে মোহন রায়হান পুরস্কার নিতে না যাওয়ায় বিষয়টি নিয়ে বিতর্কের যেন অবসান হল না।

অভিযোগ করে মোহন রায়হান বলেন, তাকে পুরস্কার গ্রহণের জন্য মন্ত্রণালয় আনুষ্ঠানিক আমন্ত্রণ বা চিঠি দেয়নি। তিনি সংবাদ বিজ্ঞপ্তি থেকে জেনেছেন, তাকে সোমবার পুরস্কার দেওয়া হবে। তবে শনিবার মোহন রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন তাকে এ বিষয়ে বাংলা একাডেমি কর্তৃপক্ষ ফোন করেছিল।

এখন এই পরিস্থিতিতে কী করবেন জানতে চাইলে মোহন রায়হান বলেন, "আনুষ্ঠানিক আমন্ত্রণ বা চিঠি না পেলে তো আমি যাব না।

"অতীতেও এমন জটিলতা তৈরি হয়েছিল। দেশের প্রখ্যাত কবি শামসুর রাহমানকে নিয়ে স্বাধীনতা পুরস্কার প্রসঙ্গে বিতর্কের পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে গণভবনে ডেকে সম্মানিত করেছিলেন।

"আমি চাই প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার দেওয়া হোক। কিন্তু মন্ত্রণালয় তো আমার সঙ্গে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ করেনি।"

মোহন রায়হান বাংলা একাডেমির পুরস্কার নিতে চান প্রধানমন্ত্রীর হাত থেকে

পুরস্কার গ্রহণ করবো কি না, সংবাদ সম্মেলনে জানাবো: মোহন রায়হান

সিদ্ধান্ত বদল, কবি মোহন রায়হানকে পুরস্কার দিচ্ছে বাংলা একাডেমি

মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি