Published : 28 Feb 2026, 05:55 PM
কবি মোহন রায়হারকে 'স্থগিত হওয়া' বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে; তবে এই পুরস্কার গ্রহণ করবেন কী না, তা সংবাদ সম্মেলন করে জানাবেন বলে জানিয়েছেন কবি মোহন রায়হান।
কদিন আগে বাংলা একাডেমি যখন এবারের সাহিত্য পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে, সেখানে মোহন রায়হানকে কবিতায় এ পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছিল। সে অনুযায়ী তিনি বৃহস্পতিবার অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে হাজিরও হয়েছিলেন।
কিন্তু পুরস্কার বিতরণের সময় অনুষ্ঠান মঞ্চে তার নাম ঘোষণা করা হয়নি। পরে তিনি পুরস্কার না নিয়েই অনুষ্ঠান থেকে বেরিয়ে যান।
মোহন রায়হান সে সময় অভিযোগ করেছেন, ৪০ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে 'তাহেরের স্বপ্ন' নামে একটি কবিতা লেখার জন্য তাকে এই পুরস্কার নিতে দেওয়া হয়নি।
বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হলে শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্কৃতি মন্ত্রণালয় বলেছে, আগামী সোমবার মোহন রায়হানের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোহন রায়হান দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “পুরস্কার নেওয়ার ব্যাপারে আমি বিকেলে সিদ্ধান্ত নেব।"
বিকাল ৫টায় ফোন করা হলে মোহন রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি রোববার বেলা ১১টায় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জানাবো, আমি পুরস্কার গ্রহণ করবো কী না? এ বিষয়ে এখন কিছু বলবো না।"
সংস্কৃতি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, "কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদান করার ঘোষণা দেওয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।”
যে সব অভিযোগ পর্যালোচনা করার জন্য শুক্রবার মন্ত্রণালয়ে এক জরুরি সভা বসে। সেখানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন।
অভিযোগ পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্কৃতি মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আগামী সোমবার বেলা ১১টায় বাংলা একাডেমিতে কবি মোহন রায়হানের হাতে 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' তুলে দেওয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণলায়।
সিদ্ধান্ত বদল, কবি মোহন রায়হানকে পুরস্কার দিচ্ছে বাংলা একাডেমি