১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানবতাবিরোধী অপরাধ: জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার

আজহারের মুক্তির দাবিতে ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ‘গণ অবস্থান’ কর্মসূচি রেখেছে জামায়াতে ইসলামী।

মানবতাবিরোধী অপরাধ: জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2025, 03:51 PM

Updated : 26 Aug 2026, 11:53 AM

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় রিভিউ চেয়ে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আবেদন শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন রেখেছে আপিল বিভাগ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির আবেদনের পর বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ রোববার এ তারিখ ধার্য করে।

গত ২০ ফেব্রুয়ারি এ রিভিউ শুনানির দিন ধার্য থাকলেও মামলার ক্রমানুসারে সে পর্যন্ত শুনানি করা সম্ভব হয়নি; এর আগে থাকা মামলা শুনানি করতে ওইদিনের সময় শেষ হয়ে যায়। 

রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম রিভিউ আবেদন শুনানির বিষয়টি উত্থাপন করেন। এরপর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শুনানি করতে তাদের আপত্তি নেই বলে জানান। 

আজহারুলের পক্ষে এ সময় আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন।

পরে তিনি বলেন, “চিফ প্রসিকিউটর রিভিউ শুনানির জন্য বিষয়টি মেনশন করেন। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলও বলেন। আপিল বিভাগ শুনানির জন্য ২৫ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন।”

আজহারের মুক্তির দাবিতে ওইদিনই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তারা ‘গণ অবস্থান’ কর্মসূচি পালনের ঘোষণা আগেই দিয়ে রেখেছে জামায়াতে ইসলামী।

আজহারের মুক্তির দাবিতে সম্প্রতি সারাদেশে সমাবেশ, বিক্ষোভ কর্মসূচিও পালন করেছে তার দল।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেয়। 

এ রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহার। এই আপিলের ওপর শুনানি শেষে আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ রায় দেয়। ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনা চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন তিনি, যা শুনানির জন্য ২৫ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হলো। 

আজহারুলের মুক্তি দাবিতে 'গণঅবস্থানকরবে জামায়াত