২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শ্রীমঙ্গলে অবৈধভাবে চা মজুদ ও বিক্রি, ২ লাখ টাকা জরিমানা

অভিযান চালানো তানভীর টি হাউজের অবস্থান শ্রীমঙ্গলের সোনার বাংলা রোডে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2024, 04:33 PM

Updated : 19 Jan 2024, 04:33 PM

অবৈধভাবে নিম্নমানের চা মজুদ ও বিক্রির দায়ে মৌলভীবাজারে একটি প্রতিষ্ঠানের ৭৫ মণ চা জব্দের পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলায় তানভীর টি হাউজে শুক্রবার দ্বিতীয় দিনের মত এ অভিযান চালানোর কথা জানান চা বোর্ডের উপসচিব মোহাম্মাদ রুহুল আমীন।

তিনি জানান, প্রতিষ্ঠানটি নিলাম বহির্ভূত চা মজুদ ও অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের চা প্যাকেটজাত করে অনুমোদনহীন ব্র্যান্ডের নামে বিক্রি করছিল। চা কেনার বৈধ কাগজপত্র না থাকায় ৬ লাখ টাকা মূল্যের ৩ হাজার ২৫ কেজি চা জব্দ করা হয়।

তানভীর টি হাউজের অবস্থান শ্রীমঙ্গলের সোনার বাংলা রোডে। বৃহস্পতিবার সেখানে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল প্যাকেট এবং সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা চোরাই চা জব্দ করা হয়।

দ্বিতীয় দিনের অভিযানে ওই টি হাউজের মালিক সমর মিয়ার উপস্থিতিতে তার সাতটি গুদামের অবৈধ চা জব্দ ও জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

চা বোর্ডের উপসচিব রুহুল আমীন বলেন, “প্রতিষ্ঠানটি আইন অমান্য করে দীর্ঘদিন ধরে নিলাম বহির্ভুত অবৈধ চা মজুদ এবং বিপণনের সঙ্গে জড়িত। এতে একদিকে অস্বাস্থ্যকর নিম্নমানের চা ভোক্তাদের কাছে পৌঁছে যাচ্ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। চায়ের অবৈধ ব্যবসা বন্ধে সারাদেশে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় অবৈধভাবে মজুদ ও নিম্নমানের চা বিক্রি বন্ধে গত কিছুদিন ধরেই চা বোর্ডের এমন অভিযান চলছে।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)