কম্বল-তোয়ালে মুড়ে নবজাতককে ফেলে রাখা হয়েছিল ফুটপাতে
চিকিৎসক জানিয়েছেন শিশুটির নানা সমস্যা রয়েছে, ওজনও কম।
ঢাকার গুলিস্তানের ফুটপাত থেকে কম্বল ও তোয়ালে জড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
গুলিস্তানের আহাদ পুলিশ বক্সের পাশের ফুটপাত নবজাতকটিকে উদ্ধার করে শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পল্টন থানার এসআই জাহেদুল আলম।
তিনি বলেন, “আহাদ পুলিশ বক্সের পাশের ফুটপাতে কম্বল ও তোয়ালে মোড়ানো অবস্থায় নবজাতকটি দেখতে পান মুন্নী নামের এক নারীসহ কয়েকজন। সাথে কোনো লোকজন না পেয়ে শিশুটিকে তারা থানায় নিয়ে আসেন।
“পরে আমরা শিশুটিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাই।”
হাসপাতালের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. ইসমাত বলেন, “শিশুটি পূর্ণাঙ্গ সময়ে জন্মগ্রহণ করেনি। তার বিভিন্ন সমস্যা রয়েছে বলে মনে হচ্ছে, ওজনও স্বাভাবিকের তুলনায় কম।
“আমরা পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত বলতে পারব। এ মুহূর্তে শিশুটির অবস্থা ভালো নেই।”
