দল-মত নির্বিশেষে নেতৃত্বে বিলস অনুসরণীয়: মন্ত্রী মোজাম্মেল
“দীর্ঘযাত্রায় ট্রেড ইউনিয়ন নেতাদের সহযোগিতায় আজকে বিলস দেশে-বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে,” বলেন বিলস চেয়ারম্যান হাবিবুর।
রাজনৈতিক দল, মত নির্বিশেষে সবার উপস্থিতিতে একটি প্রতিষ্ঠান চালিয়ে নেওয়ার ক্ষেত্রে বিলস জাতীয় পর্যায়ে ‘অনুসরণীয়’ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেছেন, “বিভিন্ন দল ও মতের অংশগ্রহণে এবং নেতৃত্বে বিলস পরিচালিত হচ্ছে, এটি একটি বিরল ঘটনা। এখান থেকে জাতীয় পর্যায়ে শিক্ষা নিতে হবে।”
শনিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্স সম্মেলন ও সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন।
মোজাম্মেল হক বলেন, “বিলস শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক শ্রম আইন, বিধি প্রণয়নসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে; যা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখছে।”
সরকার ও মালিকের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিলস তার কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় বিলস মহাসচিব নজরুল ইসলাম খান বলেন, “বিল্স কোনো ট্রেড ইউনিয়ন নয়, এটি ট্রেড ইউনিয়ন আন্দোলনকে সহযোগিতা করে থাকে।
“সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং উন্নয়নের অংশীদার হিসেবে ট্রেড ইউনিয়নের ভূমিকাকে সমুন্নত রাখতে প্রতিষ্ঠালগ্ন থেকে বিলস তার সহযোগী জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনগুলোর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। শিক্ষা-প্রশিক্ষণ, তথ্য প্রবাহ, প্রচার ও গবেষণা কার্যক্রমের মাধ্যমে বিল্স এ ভূমিকা পালন করছে।”
২৭ বছরের অবদানের কথা উল্লেখ করে বিলস চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজ বলেন, “এ দীর্ঘ যাত্রায় ট্রেড ইউনিয়ন নেতাদের সহযোগিতায় আজকে বিলস দেশে-বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে।”
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব সাইদুল ইসলাম বলেন, “শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক এবং মালিকের সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন অতীতেও বিলসের সাথে কাজ করছে এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’র প্রোগ্রাম ম্যানেজার নিরান রামযুথান, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) প্রতিনিধি মেসবাহউদ্দীন আহমেদ, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সভাপতি আবুল কালাম আজাদসহ দেশব্যাপী বিলসের সাধারণ সদস্য, উপদেষ্টা ও নির্বাহী পরিষদের সদস্য ও ট্রেড ইউনিয়ন নেতারা।
