নারী সার্জেন্টকে মারধরের অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার
“মেয়েটি কাউকে মানতেই চান না। আচরণ খুবই খারাপ,” বলছেন ওসি মাহফুজুল।
সড়কে গাড়ি পার্কিং নিয়ে মামলা দেওয়ার জের ধরে ঢাকার মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় এক নারী সার্জেন্টকে মারধরের অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের থামাতে এগিয়ে যাওয়া কনস্টেবল ও থানা পুলিশের সদস্যদেরকেও এ দুজন ‘অকথ্য ভাষায়’ গালিগালাজ করেছেন বলে দাবি পুলিশের।
মঙ্গলবার বিকালের এ ঘটনায় পরে তাদের থানায় নিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হয়। মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভুঞা জানান, গ্রেপ্তার তাসফিয়া ইসলাম (২২) ও তার মা দিলারা আক্তার (৫০) মোহাম্মদপুর এলাকায় বসবাস করেন।
তাসফিয়া বিদেশে পড়াশোনা করেছে এবং তার বাবা একজন ব্যাংকার জানিয়ে ওসির ভাষ্য, “মেয়েটি কাউকে মানতেই চান না। আচরণ খুবই খারাপ।”
ঘটনার বর্ণনা দিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তাজমহল রোডে ‘রং পার্কিং’ করা দুটি প্রাইভেট কারকে সড়ক পরিবহন আইন মামলা দেন সেখানে দায়িত্বরত হাসিনা খাতুন নামে এক নারী সার্জেন্ট। কিছুক্ষণ পর গাড়ির মালিক দিলারা আক্তার ৫ হাজার টাকার মামলা কেন দেওয়া হয়েছে তা সার্জেন্টের কাছে জানতে চান। পরে সার্জেন্ট তাকে বডি ওর্ন ক্যামেরা থেকে ‘রং পার্কিংয়ের’ ভিডিও দেখিয়ে বিষয়টি বুঝিয়ে দেন।
“এরপরও দিলারা খাতুন সার্জেন্টকে অকথ্য ভাষায় গালাগালি করে পুলিশ বক্স থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর তার মেয়ে তাসফিয়া এসে ভিডিও দেখতে চান, তাকেও ভিডিও দেখান হাসিনা। কিন্তু তারা সে বিষয়ে গুরুত্ব না দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন ও মা মেয়ে মিলে হাসিনা খাতুনকে কিল, ঘুষি, চড়-থাপ্পড় মারতে থাকেন। এছাড়া তারা হাসিনা খাতুনের ওয়াকি টকি, বডি ওর্ন ক্যামেরা রাস্তায় ছুঁড়ে ফেলে দেন।”
ওসির দাবি, সেসময় দায়িত্বরত দুই কনস্টেবল এসে তাদের শান্ত করার চেষ্টা করলেও তারা আরও চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন। পরে থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু থানা পুলিশের সঙ্গেও অকথ্য ভাষায় গালিগালাজ করেন মা ও মেয়ে।
ওসি বলেন, পরে দুজনকে আটক করে থানায় আনা হয় এবং সার্জেন্ট হাসিনা খাতুন বাদী হয়ে কর্তব্য পালনে বাধা সৃষ্টি ও হামলার অভিযোগ এনে থানায় মামলা করলে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
