বৃহস্পতিবার, ২১ শে ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---বৃহস্পতিবার একুশে বই মেলায় এসেছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমদ। র্যাব, পুলিশ ও সেনা সদস্যের প্রায় ৫০ জনের নিরাপত্তা বলয় নিয়ে বেলা একটায় মেলা প্রাঙ্গণে প্রবেশ করেন তিনি।
সেনাপ্রধান তার সদ্য প্রকাশিত বই "নির্বাচিত সংকলন"- এর প্রকাশনা সংস্থা এশিয়া পাবলিকেশনসের স্টলে বসেন। তিনি বসার সঙ্গে সঙ্গে অটোগ্রাফ শিকারিদের লম্বা লাইন পড়ে যায় স্টলটির সামনে। তাদের সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তাকর্মীদের।
সেনাপ্রধানের আধ ঘন্টামতো অবস্থানকালে মেলার বিভিন্নস্থানে সাদা পোষাকধারী পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ ছাড়া মেলার পরিবেশে বিশেষ কোনো প্রভাব ফেলেনি তা।
এশিয়া পাবলিকেশনস থেকে বের হয়ে জেনারেল মইন বাংলা একাডেমীর বিক্রয় কেন্দ্রে যান। সেখানে কিছুসময় কাটিয়ে বেলা দেড়টার দিকে মেলা প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি। সেনাপ্রধান এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন বলে নিরাপত্তা কর্মীরা জানায়। এসময় তার পরণে ছিল কালো কোট এবং অ আ ক খ লেখা গাঢ় নীল রঙের টাই।
বুধবার মেলায় আসা সেনাপ্রধানের বইটির ভালোই কাটতি হচ্ছে বলে জানান প্রকাশনা সংস্থার সত্ত্বাধিকারী ইসমাঈল হোসেন বকুল। বুধবার এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয় কুর্মিটোলা গলফ ক্লাবে। বইটির দাম কমিশন বাদে ২০৬ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডিএস/এসকে/১৬২৫ঘ.
bdnews24