ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ মাঘের হঠাৎ বৃষ্টিতে শনিবারের ভেজা বইমেলা আবার সরগরম হয়েছে রোববার। হালকা শীতের স্পর্শে এদিন স্বচ্ছন্দ সময় পার আর কেনাকাটা সেরেছেন বইপ্রেমীরা।
সপ্তাহের প্রথম কর্মদিবসে তেমন সমাগম হবে না মেলায়- এমন ধারণা কেটে যেতে তেমন সময় লাগেনি। বেলা ৩টাতেই প্রবেশ পথে ছিল বইপ্রেমীদের লম্বা লাইন। সন্ধ্যার দিকে সমাগম বেড়ে প্রায় ছুটির দিনের আবহ তৈরি হয় মেলা প্রাঙ্গণে।
এবারের বইমেলার শুরু থেকেই কিছু তরুণ নিয়মিত আসছেন বাংলা একাডেমী চত্বরে। রোববারও তাদের দেখা যায় তথ্য কেন্দ্রের সামনে খোশ মেজাজে আড্ডা দিতে।
তাদের একজন রাসেল আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেলে তেমন কাজ থাকে না বলে প্রতিদিন এখানে চলে আসি। আড্ডার ফাঁকে বিভিন্ন স্টলে ঘুরে বেড়াই। পছন্দ হলে বই কিনি। পরিকল্পনা করে বই কেনার চেয়ে এই পন্থাটি বেশ ভালো।"
শনিবারের খারাপ আবহাওয়ার রেশ কাটিয়ে রোববার বইয়ের কেনাকাটাও ছিল বেশ ভালো।
অনুপম প্রকাশনীর ব্যবস্থাপক মো. শাহিন বলেন, "গতকাল (শনিবার) বিক্রিতে যে মন্দা ছিল, আজ তা অনেকটাই কেটে গেছে।"
ইউনিভার্সিটি প্রেস লিমিটেড বা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মতো অ-বাণিজ্যিক প্রতিষ্ঠানেও রোববার ছিল চোখে পড়ার মতো ভিড়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের স্টল ইন চার্জ শহিদুল ইসলাম বলেন, "আমাদের শিক্ষা ও গবেষণাধর্মী বইয়ের বিক্রি বেশ ভালো হচ্ছে।"
বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ জানায়, রোববার মেলায় এসেছে নতুন ৬৭টি বই।
মেলায় নিয়মিত সেমিনারে রোববারের বিষয় ছিল 'বাংলাদেশের শিল্প সাহিত্যে তিন যুগের অর্জন: ফোকলোর (১৯৭২-২০০৭)। সেমিনারে মূল প্রবন্ধ পড়েন আবুল হাসান চৌধুরী। সামসুজ্জামান খানের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন যতীন সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী ও শাহিদা খাতুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডিএস/আরবি/এসএনডি/এমএ/২০০৭ ঘ.
bdnews24