২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'চিকিৎসকরা বাংলায় ব্যবস্থাপত্র দিলে উপকৃত হবে সাধারণ মানুষ'

দেশের চিকিৎসা ক্ষেত্রে বাংলার ব্যবহার উপেক্ষিত হওয়ায় ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ। চিকিৎসকরা সবসময়ই ব্যবস্থাপত্র দিচ্ছেন ইংরেজিতে; বেশিরভাগ ওষুধের নামও লেখা থাকে ইংরেজিতে। তাই ব্যবস্থাপত্র ও ওষুধের নাম বুঝতে না পেরে প্রতারণারও শিকার হচ্ছে অনেকে। বিস্তারিত জানাচ্ছেন মোশতাক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 08:54 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের চিকিৎসা ক্ষেত্রে বাংলার ব্যবহার উপেক্ষিত হওয়ায় ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ। চিকিৎসকরা সবসময়ই ব্যবস্থাপত্র দিচ্ছেন ইংরেজিতে; বেশিরভাগ ওষুধের নামও লেখা থাকে ইংরেজিতে। তাই ব্যবস্থাপত্র ও ওষুধের নাম বুঝতে না পেরে প্রতারণারও শিকার হচ্ছে অনেকে। বিস্তারিত জানাচ্ছেন মোশতাক আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রফিক উল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিকিৎসা ক্ষেত্রে বাংলার অবজ্ঞা করার কারণে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে চিকিৎসকদের ব্যবস্থাপত্র এমন ভাবে ইংরেজিতে লেখা হয়, যা বোঝা আমাদের মতো শিক্ষিত মানুষের পক্ষেও অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষতো তা কোনভাবেই বুঝবে না। ফলে ওষুধ কিনতে গিয়ে তাদের নানা সমস্যায় পড়তে হয়। অনেক সময় ঠকতে হয়।" তিনি বলেন, "চিকিৎসকরা যদি বাংলায় ব্যবস্থাপত্র দেন এবং ওষুধের গায়ে বাংলায় নাম লেখা থাকে, তাহলে সাধারণ মানুষ বেশ উপকৃত হবে।" তবে এর জন্য এককভাবে চিকিৎসকদের দায়ী করেন না অধ্যাপক রফিকউল্লাহ। তার মতে, এর জন্য চিকিৎসা ব্যবস্থাই দায়ী। তিনি বলেন, "শুধু চিকিৎসকদের দোষ দিয়ে লাভ নেই। আমাদের চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় বাংলা এমন উপেক্ষিত, যার প্রভাব চিকিৎসকদের ওপরও পড়ে। এজন্য সরকার তথা স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়কে সচেতন হতে হবে।" সাধারণ মানুষের অভিযোগ, চিকিৎসকদের ব্যবস্থাপত্রে বাংলা ব্যবহারের নজির খুবই কম। হাতে গোনা কিছু চিকিৎসক বাংলায় ব্যবস্থাপত্র লিখলেও অধিকাংশ চিকিৎসক ইংরেজিতে ব্যবস্থাপত্র লেখেন। অনেক সময় তা অস্পষ্ট থাকে। ফলে ওষুধ কিনতে গিয়ে অনেক সময় ঠকতে হয়। তাদের অভিযোগ, ওষুধ খাবারের নিয়মগুলোও (সেবন বিধি) বেশির ভাগ চিকিৎসক বাংলায় লেখেন না। যা রোগীদের আরও সমস্যায় ফেলে দেয়। দেশে তৈরি ওষুধের বেশিরভাগের নামই ইংরেজিতে লেখা হচ্ছে। প্যারাসিটামল, এন্টাসিড জাতীয় পরিচিত কিছু ওষুধের গায়েই কেবল বাংলায় নাম লেখা রয়েছে। তবে চিকিৎসকরা সবই লেখেন ইংরেজিতে। ইংরেজিতে ব্যবস্থাপত্র লেখার পক্ষে চিকিৎসকদের যুক্তি, ওষুধের নাম লেখা থাকে ইংরেজিতে। তাই তাদেরও ইংরেজিতে লিখতে হচ্ছে। পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. রাকিবুল ইসলাম লিটু বিডিনিউজকে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেহেতু বেশির ভাগ ওষুধের গায়ে ইংরেজিতে নাম লেখা থাকে, সে জন্য ব্যবস্থাপত্রও ইংরেজিতে লেখা হয়। তাছাড়া ব্যবস্থাপত্র নিয়ে অনেককে দেশের বাইরেও যেতে হয়।" একইসঙ্গে তিনি বলেন, "সাধারণ মানুষ যাতে বুঝতে পারে, সে জন্য সেবনবিধি বাংলায় লেখা উচিত। আর ব্যবস্থাপত্র ইংরেজিতে লিখলেও তা অবশ্যই স্পষ্টভাবে লিখতে হবে, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমআই/এমএ/১৪৪৫ঘ.