২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য রোধে জোর সরকারের

বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য রোধে ‘সাইটিস চুক্তি’ বাস্তবায়নের জোর দিয়েছেন পরিবেশ ও বন অধিদপ্তরের কর্মকর্তারা।

বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য রোধে জোর সরকারের

ঢাকার একটি হোটেলে ‘সাইটিস চুক্তি বাস্তবায়ন’ বিষয়ক সেমিনার আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2023, 10:07 PM

Updated : 12 Oct 2023, 10:07 PM

বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্যকে `জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি’ মনে করে ‘সাইটিস চুক্তি’ বাস্তবায়নের ওপর জোর দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

রাজধানীতে একটি হোটেলে বৃহস্পতিবার এক সেমিনারে এ চুক্তি জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ। ওই চুক্তির লক্ষ্য হল বন্যপ্রাণীর সংখ্যাকে ক্ষতিগ্রস্ত না করে টেকসই বাণিজ্য নিশ্চিতে সদস্য দেশগুলোকে সাহায্য করা।

‘সাইটিস চুক্তি বাস্তবায়ন’ বিষয়ক সেমিনারে কথা বলেন অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ। বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য রোধে পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বাংলাদেশ বন অধিদপ্তরের অন্য কর্মকর্তারাও।

বিভিন্ন দেশের মধ্যে বন্যপ্রাণী বাণিজ্যের একটি চুক্তি হল ‘সাইটিস’। এর লক্ষ্য হল বন্যপ্রাণী ও উদ্ভিদের আন্তর্জাতিক বাণিজ্য যেন তাদের বিলুপ্তি বা হুমকির কারণ না হয়, সেটি নিশ্চিত করা।

সেমিনারে বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, “সাইটিস এর বাস্তবায়ন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও অন্যান্য আন্তর্জাতিক চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমাদের খাদ্য নিরাপত্তা, জীবিকা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীল বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য অপরিহার্য। দেশের জীববৈচিত্র্য রক্ষার জন্য আমাদের অবশ্যই সাইটিসের চুক্তিগুলো বাস্তবায়ন করতে হবে।”

বাংলাদেশ ১৯৮১ সালে সাইটিসের সদস্যপদ লাভ করে চুক্তি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে। বিপন্ন হাঙ্গর ও শাপলাপাতা মাছের ‘সুরক্ষা নিশ্চিতের’ পাশাপাশি আন্তর্জাতিক বাজারে চাহিদা আছে এমন বন্যপ্রাণীর দেহাংশ শনাক্তকরণে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের প্রশিক্ষণও দিয়েছে বলে জানান কর্মকর্তারা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. এস এম যোবায়দুল কবির বলেন, “দেশে টেকসই মৎস্য সম্পদ নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। মৎস্য বাণিজ্যে সাইটিস বাস্তবায়নে উন্নতি করার লক্ষ্যে অন্যান্য অধিদপ্তরের সঙ্গে কাজ করতে আমরা আগ্রহী।”

ডাব্লিউসিএস গ্লোবাল শার্ক অ্যান্ড রে কনজারভেশন প্রোগ্রামের পরিচালক লুক ওয়ারউইক সেমিনারে বলেন, “বাংলাদেশ বন্যপ্রাণী আইন সংশোধনের মাধ্যমে হাঙ্গর ও শাপলাপাতা মাছের তালিকা হালনাগাদ করা, আন্তঃসংস্থা প্রশিক্ষণ কর্মসূচি এবং উন্নত জনসচেতনতার মাধ্যমে সাইটিস বাস্তবায়নের ক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি করেছে।”

সেমিনারে অংশগ্রহণকারীরা সাইটিস চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের অর্জন ও পদক্ষেপসমূহ তুলে ধরেন।