ভাষাবিজ্ঞানী আবুল কালাম মনজুর মোরশেদের চিরবিদায়
অধ্যাপক আবুল কালাম মনজুর ২০০৫ সালের ২৪ ফেব্রুয়ারি ২০০৬ সালের ১৬ নভেম্বর পর্যন্ত বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
ভাষাবিজ্ঞানী অধ্যাপক আবুল কালাম মনজুর মোরশেদ আর নেই।
মঙ্গলবার সকালে ঢাকার নাখালপাড়ার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার মেয়ে মনজুলা মোরশেদ।
তার বয়স হয়েছিল ৮৫ বছর।
গবেষক, অনুবাদক, শিশুসাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কালাম মনজুর ২০০৫ সালের ২৪ ফেব্রুয়ারি ২০০৬ সালের ১৬ নভেম্বর পর্যন্ত বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
মনজুলা মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা সকাল ১১টা থেকে ১২টার মধ্যে কোনো একসময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
“সকাল থেকেই উনার শরীর খারাপ লাগছে বলে বাসা থেকে বের হননি। ১২টার দিকে উনার রুমে গিয়ে ডাকলে সাড়া দেননি। পরে আমরা বুঝতে পারি উনি আর নেই। ধারণা করছি স্ট্রোক করেছিলেন।”
মনজুলা বলেন, “বুধবার দুপুর ১২টার দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে মরদেহ নেওয়া হবে, সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর জানাজার পর মিরপুরের বুদ্ধিজীবী করবস্থানে দাফন করা হবে।”
বাংলা একাডেমির সাবেক এই মহাপরিচালকের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলা একাডেমি।
আবুল কালাম মনজুর মোরশেদ রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
