২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক এমপি কাজীমের বিরুদ্ধে মামলা করবে দুদক

তার ব্যাংক হিসাবে প্রায় ৪০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়ার কথাও বলছে দুদক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2025, 08:46 PM

Updated : 26 Aug 2026, 12:36 PM

চার কোটি ৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য কাজীম উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

এছাড়া অবৈধ সম্পদের অভিযোগ থাকায় তার স্ত্রী সালিহা সিদ্দিকা শিফার সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেবে সংস্থাটি।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংস্থার মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘‘কাজীম উদ্দিন আহমেদ ক্ষমতার অপব্যবহার করে এ অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা ১৫টি ব্যাংক হিসাবে ৪০ কোটি ৭৬ লাখ ১৬ হাজার ৫২৭ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।’’

দুদক জানায়, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা হবে।

অন্যদিকে কাজীম উদ্দিনের স্ত্রী সালিহা সিদ্দিকা শিফার বিরুদ্ধে ৯ লাখ ৩৪ হাজার টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক। 

তার নামে ও বেনামে আরও সম্পদ থাকার আশঙ্কায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারার আওতায় তাকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে।