Published : 12 Nov 2025, 10:09 PM
প্রতারণার আরেক মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই রায় দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. নাজমুল ইসলাম তালুকদার এ তথ্য দিয়ে বলেছেন, কারাদণ্ডের পাশাপাশি দুইজনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরো তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি বলেন, আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এটি নিয়ে এ পর্যন্ত ছয়টি মামলায় এই দম্পতির মোট ১৭ বছর কারাদণ্ড হল।
২০১৮ সালের ডিসেম্বরে যাত্রা শুরুর পর গাড়ি, মোটরসাইকেল, আসবাবপত্র, স্মার্ট টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনের মত পণ্য অর্ধেক দামে বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাড়া ফেলে অনলাইন মার্কেট প্লেস ইভ্যালি।
তাদের চটকদার অফারের ‘প্রলোভনে’ অনেকেই বিপুল অংকের টাকা অগ্রিম দিয়ে পণ্যের অর্ডার করেছিলেন পরে বেশি দামে বিক্রি করে ভালো লাভ করার আশায়। কিন্তু মাসের পর মাস অপেক্ষা করেও তাদের অনেকে পণ্য বুঝে পাননি; ইভ্যালি অগ্রিম হিসেবে নেওয়া টাকাও ফেরত দেয়নি।
এক পর্যায়ে ক্রেতা ও পণ্য সরবরাহকারীদের কাছে ৫৪৩ কোটি টাকার দায়ে পড়ে ইভ্যালি। এ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে ইভ্যালিসহ আরও বেশ কিছু ই কমার্স কোম্পানির বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষোভে নামেন গ্রাহকরা।
সে সময় রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে কয়েকশ মামলা হয়; এ মামলা তারই একটি।
কোম্পানির চমকপ্রদ বিজ্ঞাপন দেখে বাদী সাদিকুর রায়হান ২০২১ সালের ২০ মার্চ তিনটি মোটরসাইকেল অর্ডার করেন। নির্ধারিত সময়সীমার মধ্যে মোটরসাইকেলগুলো তাকে হস্তান্তর করতে ব্যর্থ হন। এরপর তাকে সিটি ব্যাংকের দুইটি চেক প্রদান করা হয়। ২০২২ সালের ১২ এপ্রিল চেক দুইটি নগদায়ন করতে গেলে তা ফেরত আসে।
এ ঘটনায় ২০২৩ সালের ২৬ নভেম্বর সাদিকুর রায়হান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এর আগে ১৮ সেপ্টেম্বর প্রতারণার আরেক মামলায় রাসেল ও নাসরিন দম্পতিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয় আদালত।
গেল ১৩ এপ্রিল প্রতারণার মামলায় রাসেল ও শামীমার তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করে আদালত।
তার আগের সপ্তাহে ৬ এপ্রিল বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার মামলায় তাদের তিন বছরের কারাদণ্ড হয়।
এছাড়া গেল ২৯ জানুয়ারি আরেক মামলায় তাদের দুই বছর করে কারাদণ্ড হয়। তার আগে ২০২৪ সালের ২ জানুয়ারি চট্টগ্রামের এক গ্রাহকের করা মামলায় রাসেল ও শামীমার এক বছর করে কারাদণ্ড হয়।
আগের খবর:
ইভ্যালির রাসেল ও শামীমার ৩ বছরের কারাদণ্ড
প্রতারণার মামলা: ইভ্যালির রাসেল-শামীমার আরও ৩ বছরের দণ্ড
প্রতারণার আরেক মামলায় ইভ্যালির রাসেল ও শামীমার সাজা